ম্যানইউর সাথে চুক্তি সই রোনালদোর

চুক্তি সই করা শেষ, এবার রোনালদোর মানচেস্টার ইউনাইটের জার্সিতে মাঠে নামার পালা। অচিরেই হতে চলেছে অপেক্ষার অবসান, বিশ্বকাপ বাছাইপর্বের মিশন সেরেই ওল্ড ট্রাফোর্ডে তরী ভেড়াবেন রোনালদো। ঘরে ফিরতে পেরে এই পর্তুগিজও বেশ আপ্লুত। 

আলাপের খেরোখাতা তুলে রেখে এবার আনুষ্ঠানিকতাও শেষ করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে দুই বছরে চুক্তিটা হয়েই গেছে।

ছত্রিশেও দাপিয়ে বেড়ানো রোনালদো চাইলে চুক্তিটা বাড়াতে পারবেন আরো এক বছর; দাপুটে ক্যারিয়ারে শুরু যেখান থেকে, সেই লাল দুর্গেই হয়তো ফুটবলে মাঠে পথচলার শেষটা হতে চলেছে ক্রিশ্চিয়ানোর।

ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে য়্যুভেন্তাসকে মাত্র দেড় কোটি ইউরো দিয়েছে ম্যানইউ; এক দশক পর পুরনো সংসারে ফিরতে পেরে আপ্লুত রোনালদোও। বলেছেন রেড ডেভিলদের জন্য তার এই ভালোবাসা আজীবনের।

আরও পড়ুন: কিউই বধের মিশন শুরু আজ

আবারও নিজের পুরোটা উজাড় করে দেবার প্রত্যয়; চোখে মুখে তৃপ্তির রেশ নিয়ে মাঠ কাঁপাতে চান ক্রিশ্চিয়ানো। য়্যুভেন্তাসের অপূর্ণতার খতিয়ানও ভুলতে চান, সাদা কালোর মায়া ভুলতে চান লাল উল্লাসে।

উড়ন্ত রোনালদোর পড়ন্ত বেলাটা অনেকেই দেখে ফেলেছিলেন তুরিনে, চ্যাম্পিয়ন্স লিগের মিশনটা পূরণ হয়নি। শেষ পর্যন্ত রোনালদোর চোখের সামনেই য়্যুভদের লিগ শিরোপাও খোয়া গেছে। ওল্ড লেডিকে দেয়া কথাটা তাই রাখতে পারেননি ফুটবলের ভাস্কো দা গামা।

হতাশা ঝেড়ে ফেলতে তাই ঘরটাই বদলে ফেলেছেন ক্রিশ্চিয়ানো, ফিরে এসেছেন ব্রিটিশ সাম্রাজ্যে। জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের মিশন সেরেই নেমে পড়বেন মাঠে, নিউ ক্যাসেলের বিপক্ষেই হয়তো দেখা যাবে তাকে। 

অপেক্ষার দিন ফুরোতে আর বেশিদিন নেই তাই। রোনালদো কী এবার অধরা ধরতে পারবেন, কাটাতে পারবেন চলমান খরা? শেষটা দিয়েই কী হবে নতুন শুরু, আবারও উঠতে পারবেন ইউয়েফার টপ লিস্টে, জিততে পারবেন ব্যালো দ্য অর, প্রমাণ করতে পারবেন কী তিনিই সেরা?


একাত্তর/এসজে