নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (১ সেপ্টেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ খেলার সংখ্যা, অভিজ্ঞতা, হোম কন্ডিশনের ফায়দা সব বিবেচনায় এই সিরিজে বাংলাদেশই ফেবারিট। তবে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন, অতি আত্মবিশ্বাসী হওয়া যাবেনা। ৫ ম্যাচ সিরিজের প্রথম লড়াই আজ বিকেল ৪টায়।
তিনি বাংলার ত্রাতা, প্রতিপক্ষের ত্রাস। ব্যাটে-বলে অনন্য। ক্রিকেট মেধা আর প্রজ্ঞায় সবার চেয়ে ভিন্ন। হয়তো তাই বাইশ গজের চরিত্র বুঝতে হেড কোচ রাসেল ডমিঙ্গো সাকিবের শরানাপন্ন।
এ মাসেই মিরপুরের পিচে দাফন হয়েছে অজিদের দম্ভ। একূল ভাঙ্গা সারা।
এবার তাসমান সাগরের ওকূল ভাঙ্গার খেলা। সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াদের কথা শক্ত-পোক্ত, সাবধানী।
এদিকে, ভরদুপুরের ভ্যাপসা গরম মাথায় নেই। মধ্য মাঠে লিটনের ভাবনা জুড়েই ব্যাটের ঝলকে মধ্যমনি হওয়ার তাড়না। এলকেডি ফিরছেন ওপেনিংয়ে। চারে ব্যাটসম্যান হিসেবে খেলবেন মুশফিক। দুই ম্যাচ করে কিপিং করার সুযোগ পাচ্ছেন সোহান আর মুশি, সোমবার ডমিঙ্গোর এই কথা এখন হট টপিক। দলের মধ্যে কি কোনো প্রভাব পড়ছে?
আরও পড়ুন: ম্যানইউর সাথে চুক্তি সই করে ফেললেন রোনালদো
কিউইদের বিপক্ষে ছোট ফরম্যাটে দশ দেখায় বাংলার জিত নেই। সোমবার চোট পেয়ে ম্যাচের আগের দিন বিশ্রামে আফিফ। রিয়াদ জানিয়েছেন, ম্যাচ খেলার জন্য আছেন ফিট।
স্লো আর টার্নিং উইকেটে অজিরা পায়নি পাত্তা। দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলেরও মিরপুরের পিচ আর টাইগার বোলিং অ্যাটাকই যত ভাবনা, জানিয়েছেন অধিনায়ক টম ল্যাথাম।
৫ ম্যাচ সিরিজের প্রথম লড়াই শুরু হবে বুধবার বিকেল ৪টায়। দল পরিচালনা সাথে ব্যাটিংয়ে আশা, কাপ্তান রিয়াদ বাংলার এক্স ফ্যাক্টর। বুধবার জয় এলে, টপকে যাবেন মাশরাফিকে। টি-টোয়েন্টিতে ম্যাশের নেতৃত্বে ২৮ ম্যাচে ১০ জয়, আর বাইশ ম্যাচে খেলেই রিয়াদ সমানে সমান।
একাত্তর/এসজে
