নারীদের খেলতে না দিলে আফগান টেস্ট বাতিলের ঘোষণা

আসন্ন নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলার কথা রয়েছে আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের। তবে এক টুইট বার্তায় অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে- আফগানিস্তানের নারীদের খেলাধুলার অধিকার বহাল না থাকলে বাতিল হতে পারে আফগানদের সেই ঐতিহাসিক টেস্ট।

সম্প্রতি আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে নতুন চরমপন্থি তালেবানগোষ্ঠী। এরই মাঝে তালেবানের সাংস্কৃতিক কমিশনের উপ প্রধান আহমাদুল্লাহ ওয়াসিক জানিয়ে দিয়েছেন, কোন খেলায় অংশ নিতে পারবেন না নারীরা।

এক ঘোষণায় তিনি জানান, নারীদের খেলাধুলার কোনও প্রয়োজন নেই। ক্রিকেটসহ অন্য যে কোনও খেলাধুলায় নারীরা অংশ নিতে পারবেন না, কারণ এসবে শরীর প্রদর্শন হয়।

আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, ‘নারী খেলাধুলার দরকার নেই। এতে শরীর দেখা যায়। যা আইন বিরুদ্ধ। তাই এতোদিন ধরে আফগান নারীরা ক্রিকেটসহ অন্যান্য যে ক্রীড়াগুলোতে অংশ নিতেন, সেগুলোতে আর অংশ নিতে পারবেন না’।। আর যদি এমনটা হয়, তাহলে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

আরও পড়ুন: আফগানিস্তানে আবারো নিষিদ্ধ হলো মেয়েদের খেলাধুলা

নারীদের খেলাধুলায় অংশ নেওয়ার বিষয়ে তালেবান সরকারের এমন অবস্থানের প্রেক্ষিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, অফগানিস্তান ক্রিকেটে নারীর অংশগ্রহণ না থাকলে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। 

বুধবার (৯ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে সিএ। দেশটির ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাকসহ শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা, আফগানিস্তানে নারীদের খেলাধুলা বন্ধের বিপক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বব্যাপী নারী ক্রিকেট ছড়িয়ে দেয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ক্রিকেটের ক্ষেত্রে আমাদের লক্ষ্য হলো, খেলাধুলা সবার জন্য এবং আমরা সব পর্যায়ে নারীদের খেলা সমর্থন করি।’

‘আফগানিস্তানে যদি নারীরা ক্রিকেট সমর্থন না পায়, তাহলে অস্ট্রেলিয়ার সামনে আফগানিস্তান ক্রিকেট দলকে স্বাগত না জানানো ছাড়া আর কোনো উপায় থাকবে না।’


একাত্তর/এসএ