এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা

এশিয়া কাপে সুপার ফোরে শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুক্রবার কলম্বোর প্রেমাদাসায় দুই দলের ম্যাচ শুরু বিকেল সাড়ে তিনটায়।

সুপার ফোরে দুই ম্যাচের দুইটিতে জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। এই ম্যাচটি তাই শুধুই আনুষ্ঠানিকতা টিম ইন্ডিয়ার জন্য।

অন্যদিকে, বাংলাদেশ সবকটি ম্যাচ হেরে ইতোমধ্যে আসর থেকে ছিটকে গেছে। আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ।

এশিয়া কাপের আগে ঘরের মাঠে মাস খানেকের প্রস্তুতি ভক্ত-সমর্থকদের মনে বড় কিছুর আশা সঞ্চার করেছিল। কিন্তু তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলা বাংলাদেশ দলের এই আসর মোটেই ভালো যায়নি। বলা হচ্ছিল এশিয়া কাপ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চও!

কিন্তু হাথুরুসিংহের শিষ্যরা সেটা প্রমাণ করতে পুরোপুরি ব্যর্থ। আফগানিস্তানকে হারিয়ে কোনও রকমে সুপার ফোরে উঠলেও পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে যাওয়ার পথটা সুগম করেছে। তার পরেও আজ ভারতের বিপক্ষে জয়টা বিশ্বকাপের আগে সাকিবদের মাঝে আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে কাজ করবে।

আজকের ম্যাচে পারিবারিক কারণে খেলতে পারবে না উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ইনজুরির কারণে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত।  স্বাভাবিক ভাবেই এই ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে বাংলাদেশ মাঠে নামবে। মুশফিকের বিকল্প হিসেবে একাদশে সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়।