বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে আলাদা করতে ভাবতে নারাজ ভারত। বিশ্বসেরা এই অলরাউন্ডার টিম বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হলেও টিম ইন্ডিয়ার নয় বলেই মন্তব্য করেছেন স্বাগতিকদের বোলিং কোচ পরশ মামব্রের। বেশ তাচ্ছিল্যের সঙ্গেই বলেছেন, সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার, বাট ইট ডাজন্ট ম্যাটার ফর ইন্ডিয়া। বলেছেন, সাকিবকে নিয়ে তাদের দলে কোন আলোচনাও হয়নি।
পুনেতে বুধবার ভারতীয় দলের সংবাদ সম্মেলনে দলের হয়ে প্রতিনিধিত্ব করতে আসেন পরশ মামব্রে। এতে খুব স্বাভাবিকভাবেই আসে সাকিব আল হাসান প্রসঙ্গ। কারণ, বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা এখন তিনিই। ব্যাট ও বল হাতে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে ওঠার মতো ক্রিকেটার তিনি। তাকে আটকে রাখতে ভারত কোন পরিকল্পনা করছে কি-না, এমন প্রশ্ন রাখা হয়েছিলো মামব্রের কাছে।
তিনি বলেন, আমরা জানি সে (সাকিব আল হাসান) ভালো ক্রিকেটার। বাংলাদেশের হয়ে সে ভালো করেছে, সে চ্যাম্পিয়ন ক্রিকেটার। সে খুবই কার্যকর, দলের জন্য ব্যাট করে, বোলিং করে। পাওয়ার প্লেতেও বোলিং করে। সে মানসম্পন্ন বোলার। তাকে প্রাপ্য দিতে হবে। তবে আমাদের জন্য আসলে, ইট ডাজন্ট ম্যাটার।
মামব্রে আরও যোগ করেন, আমাদের জন্য ব্যাপারটা হলো, ওই দিনটিতে আমাদের প্রস্তুতির দিক থেকে ও প্রয়োগে আমরা কেমন করছি। আমাদের তো ম্যাচ পরিকল্পনা আছে। আমরা যদি আমাদের পরিকল্পনার সর্বোচ্চ বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো করবোই। আমাদের মনোযোগ সেদিকেই, নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করা। আর কিছু নয়।
সাকিব নিয়মিত আইপিএল খেলেন। ভারতীয় কন্ডিশন তার খুব ভালো চেনা। ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তিনিই সবচেয়ে সফল। ভারতের বিপক্ষে ২২ ওয়ানডেতে ৭৫১ রান আর ২৯ উইকেট নিয়ে সবার ওপরে। তাছাড়া বাঁহাতি স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটারদের কিছুটা দুর্বলতা তো আছেই।
তবে ভারতে বোলিং কোচ বলেন, যখন আপনি ব্যাটার হিসেবে খেলবেন, তখন কখনো না কখনো কোথাও আপনাকে কারও বিপক্ষে খেলতেই হবে। যদি আপনি ম্যাচ-আপের দিকে তাকান, তাহলে আপনাকে বলতে হবে যে, সে এটার বা ওই খেলোয়াড় বা বিশেষত বোলারের বিপক্ষে দুর্বল। কিন্তু আমার মনে হয় না এমন কোনও আলাপ আমাদের ভেতর হয়েছে।
বাঁহাতি স্পিন ভারতের দুর্বলতা রয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে মামব্রে বলেন, এটা নিয়ে তাদের দলের মধ্যে কথাই হয়নি কোনো। ব্যাটার হিসেবে খেললে কখনও না কখনও কোনো বোলারের সামনে আপনাকে ভুল করতেই হবে। বলতে, আমাদের এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি।
ভারতের পেস বোলিং কোচ বাংলাদেশের পেস আক্রমণের বেশ প্রশংসা করলেন। বিশেষ করে তাসকিনকে প্রশংসায় ভাসালেন তিনি। বলেন, তাসকিন শেষ কয়েক বছরে যা করে দেখিয়েছে সেটা আমরা দেখেছি। আমি মনে করি, বিশ্বে ছড়িয়ে থাকা ভালোমানের দ্রুতগতির বোলারদের মধ্যে সেও একজন।
তিনি আরও বলেন, সে ভালো খেলেছে, পারফর্ম করেছে ভিন্ন ভিন্ন ভেন্যুতে, ভিন্ন আবহাওয়াতে। পাশাপাশি বাংলাদেশেও। কারণ, সেখানে পারফর্ম করা সহজ নয়। পেসারদের জন্য বলার মতো কিছু থাকে না। কিন্তু সে যা করেছে সত্যিই ভালো বোলারের পক্ষে করা সম্ভব।
টিম বাংলাদেশের অন্যান্যদের নিয়ে মামব্রে আরও বলেন, আপনি যখন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবেন, তার মানে আপনি অন্যদের চেয়ে আলাদা, ভালো। ওদের স্পিনাররাও কিন্তু বেশ ভালো। দলে দুজন মেহেদী রয়েছে। দুজনই স্পিনার। তারা ভালো করছে। স্কোয়াড বেশ ভালো এবং তাদের বোলিং অ্যাটাকও।
চলতি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি অনুষ্ঠিত হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভি ছাড়াও স্টার স্পোর্টস চ্যানেলে।