সাকিব ফিট, সেমিতে যেতে সুযোগ কাজ লাগানোর প্রত্যাশা

সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সাকিব ফিট, করেছেন ব্যাটিং বোলিং আর রানিং। তবে এই ম্যাচেও খেলতে পারছেন না তাসকিন। ওয়াংখেড়েতে ব্যাটিং প্যারাডাইস উইকেটে দলের কাছে বড় রান চান সাকিব। টাইগার ক্যাপ্টেন এখনো বিশ্বকাপের সেমির স্বপ্ন ছাড়েন নি।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় খেলা শুরু হবে।

কে বলবে সাকিব ফিট না? ১০ দিন পর বোলিংয়ে ফিরেই রীতিমত পেস বোলারের ভূমিকাতে… শুধু তাই না, মিরাজকে বোল্ড আউটও করলেন।

ফিটনেস পরীক্ষায় সাকিব পাস, না লেটার মার্কস নিয়ে পাস। বোলিংয়ের পর রানিংয়েও ক্যাপ্টেনের বাজিমাত।

সাকিবকে নিয়ে দুশ্চিন্তা না হয় কাটলো, ব্যাটিং নিয়ে ব্যর্থতার বৃত্ত থেকে কিভাবে বের হবে পুরো দল? হেড কোচ চিফ সিলেক্টর মিলে হয়তো খুঁজছেন সেই পথ। 

বাংলাদেশ দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান বলেন, আমি যদি কোনো পেইন ফিল না করি তাহলে আমি খেলতে নামবো।

সাকিব বলেন, বড় রান হচ্ছে না। হলে ভালো হতো, আমরা চেষ্টা করছি বড় রান করার। দোয়া করবেন।

এখনো সেমিফাইনালে খেলা সম্ভব উল্লেখ করে সাকিব বলেন, সুযোগ এখনো আছে। আমরা না পারলেও অন্যরা আমাদের হেল্প করছে। আমরা যদি নিজেদের একটু হেল্প করতে পারি- স্বপ্ন সত্যি হয়েও যেতে পারে। এখনো ভালো সুযোগ আছে আমাদের।

প্রত্যেকটা ম্যাচের আগে হাথুরু মন দিয়ে উইকেট দেখার ছবিটা কমন। কিন্তু ম্যাচের দিন ব্যাটারদের জন্য সব যেনো আনকমন। টাইগারদের যে অবস্থা তাতে বলতেই হয় দলটার জন্য ব্যাটিং উইকেট কি আর বোলিং উইকেট কি? সব একই।