আরও দুই দেশের টি-টেন আসরে বাংলা টাইগার্স

আরব আমিরাতের পর এবারে আরও দুই দেশের টি-টেন লিগে যুক্ত হচ্ছে বাংলা টাইগার্স। লঙ্কা টি-টেনে ফ্রাঞ্চাইজিটি খেলবে বাংলা টাইগার্স হামবানটোটা নামে। আর জিম-অ্যাফ্রো টি-টেন লিগে দলটির নাম হবে জোবার্গ বাংলা টাইগার্স। টি-টেন গ্লোবালের সাথে এ বিষয়ে দশ বছরের চুক্তি সেরেছে বাংলাদেশি মালিকানাধীন এই ফ্রাঞ্চাইজি।

নামে আর অরিজিনে বাংলার, তবে জাতে গ্লোবাল এই বাংলা টাইগার্স। ওদের জার্সিতেই প্রতি বছর আবুধাবি টি-টেন মাতিয়ে চলেছে সারা দুনিয়ার জাঁদরেল সব ক্রিকেট তারকারা।

তবে এবারে সময় এসেছে পরিসর বাড়ানোর। বাংলা টাইগার্স এবারে তাদের পতাকা গাড়ছে শ্রীলঙ্কা আর আফ্রিকাতেও। লঙ্কার বুকে টি-টেন লিগে ফ্রাঞ্চাইজিটার নাম হবে বাংলা টাইগার্স হাম্বানটোটা।

আর জিম-আফ্রো টি-টেনে জোবার্গ বাংলা টাইগার্স ব্যানারে খেলবে তারা। টি-টেন গ্লোবালের সাথে বাংলা টাইগার্সের নতুন দুই দেশের টুর্নামেন্টে খেলার চুক্তির মেয়াদ ১০ বছরের।

নতুন চুক্তি, নতুন দল, তাই সামনে অপেক্ষায় মহাব্যস্ততা। শুরুটা হবে আবুধাবি টি-টেন দিয়ে। লড়াই শুরু হবে ২৮ নভেম্বর। ডিসেম্বরের ১২ তারিখ থেকে লঙ্কা টি-টেন আর মার্চে আফ্রো টি-টেন গড়াবে মাঠে।

বাংলা টাইগার্স ব্র্যান্ডকে গ্লোবালাইজড করার উদ্দেশ্য নিজেদের ব্র্যান্ড সারা দুনিয়ায় সম্প্রসারণ এবং সেই সাথে বাংলাদেশি ক্রিকেটারদের বিভিন্ন দেশের উইকেটে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার সুযোগ করে দেয়া। সেই সাথে টি-টেন ফরম্যাট ক্রিকেটের অন্যতম আম্বাসেডর হয়ে ওঠা।