মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিলো বাংলার মেয়েরা। ফারজানা হক আর মুর্শিদা খাতুনের ওপেনিংয়ে গড়া রেকর্ড জুটিতে এই জয় আসে ২৬ বল হাতে রেখেই। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে আগে টি-টোয়েন্টিতেও একই ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৬৭ রানের। ওপেনিংয়েই ১২৫ রানের জুটি গড়েন ফারজানা আর মুর্শিদা। যে জুটি এখন নারী ক্রিকেটের দেশসেরা। এর আগে শুকতারা রহমান আর শারমিন আক্তারের ১১৩ রানের জুটিই ছিল রেকর্ড।
আজ (শুক্রবার) দুই ওপেনারই করেছেন ফিফটি। ফারজানা ৬২ আর মুর্শিদার ব্যাট থেকে আসে ৫৪ রান। এরপর ফাহিমা খাতুন শূন্য রানে ফিরলেও জয় পেতে কষ্ট হয়নি বাংলাদেশের। অধিনায়ক নিগার সুলতানা ১৮ আর সোবহানা মোস্তারি অপরাজিত থাকেন ১৯ রানে।
এর আগে পাকিস্তানি ওপেনার সিদরা আমিন ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি বাংলাদেশি বোলারদের তোপে। সিদরা ওপেনিংয়ে নেমে ৮৪ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। আরেক ওপেনার শাদাফ শামাসের ব্যাট থেকে আসে ৩১ রান।
উদ্বোধনী জুটিতে ৬৫ তোলার পর একটা সময় ১ উইকেটে ৯৩ রান ছিল পাকিস্তানের। কিন্তু নাহিদা আক্তার, রাবেয়া খানদের তোপে বড় স্কোর গড়া হয়নি সফরকারীদের। ৭৩ রানে ৮টি উইকেট হারায় তারা। ৯ উইকেটে থামে ১৬৬-তে।
বাংলাদেশের নাহিদা আক্তার ২৬ রানে ৩টি ও রাবেয়া খাতুন ৩৫ রানে নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার ফাহিমা খাতুন, নিশিতা আক্তার এবং স্বর্ণা আক্তারের।