পাকিস্তান ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন বাবর আজম

বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বাজে পারফর্মেন্সের জন্য শুরু থেকেই চাপে ছিলেন দলটির অধিনায়ক বাবর আজম। সেমিতে উঠতে ব্যর্থ হবার পর তার ওপর চাপ আরও বেড়ে যায়। দাবি ওঠে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর। শেষ পর্যন্ত সেই কাজটাই করলেন বাবর আজম।

শুধু পাকিস্তানের ওয়ানডে দল থেকেই নয়, একযোগে সব ফরম্যাট থেকেই অধিনায়বের দায়িত্ব থেকে সরে যাবার ঘোষণা দিয়েছেন তিনি।

এখন থেকে আর কোনো ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক হিসেবে দেখা যাবে না পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটারকে।

বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করে আসার পরপরই সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে তিন ফরম্যাটের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছাড়ার কথা জানান তিনি। জানান, নেতৃত্ব ছেড়ে দিলেও তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন তিনি।

বাবর আজম লেখেন, তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল, কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও আমি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলব। নতুন অধিনায়ককে সব রকম সাহায্য করব। আমার সব অভিজ্ঞতা ভাগ করে নেব তাঁর সঙ্গে। শোনা যাচ্ছে, বাবরের জায়গায় দেখা যেতে পারে পেসার শাহীন শাহ আফ্রিদিকে।

২০১৯ সালে অধিনায়কের দায়িত্ব পাবার কথা স্মরণ করে বাবর আজম আরও লেখেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে আমাকে ফোন করা হয়। সেই ঘটনা আমার স্পষ্ট মনে আছে। আমাকে অধিনায়ক করা হয়। চার বছর ধরে আমি নেতৃত্ব দিয়েছি। মাঠে এবং মাঠের বাইরে অনেক ভাল এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। সব সময় চেষ্টা করেছি ক্রিকেট বিশ্বে পাকিস্তানকে গর্বিত করতে।

বাবর আরও লেখেন, আমার অধিনায়কত্বে পাকিস্তান একদিনের ক্রিকেটে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নাম্বার স্থান অর্জন করে। আর সাদা বলের ক্রিকেটে এক নাম্বর হওয়াটা সব খেলোয়াড়ের কঠোর পরিশ্রমের ফল। পাকিস্তান দলকে নেতৃত্ব দানের সুযোগ দেয়ার জন্য পিসিবির প্রতি আমি কৃতজ্ঞ। খেলোয়াড় হিসেবে তিন ফরম্যাটেই আমি খেলা চালিয়ে যেতে চাই।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানাচ্ছে, পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফের সাথে বৈঠকের সময় বাবর আজমকে টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু বাবর সে প্রস্তাব গ্রহণ না করে বরং তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকেই নিজেকে সরিয়ে নেন। তিনি পিসিবি প্রধানকে জানান, এখন থেকে তিনি আরও বেশি করে খেলাটাকে উপভোগ করতে চান।