২০২০ সালের যুব বিশ্বকাপের পর এবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়লো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারালো জুনিয়র টাইগাররা।
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথেম বল করার সিদ্ধান্ত নেয় আমিরাত।
এদিন ওপেনার আশিকুর রহমান শিবলীর দারুণ এক সেঞ্চুরি, রিজওয়ান ও আরিফুলের হাফ সেঞ্চুরি এবং শেষে রাব্বির ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের যুবদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৮২ রান।
তার মধ্যে শিবলী ১২৯, রিজওয়ান ৬০, আরিফুর ৫০ এবং রাব্বি ১১ বলে ২১ রান করেন।
আমিরাতের বোলারদের মধ্যে আয়মান আহমেদ নেন চারটি উইকেট।
এদিক বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে পাওয়ার প্লের পরে ওভারেই সারির অর্ধেক ব্যাটার হারায় আমিরাত। দলীয় ৫০ রানের আগেই তারা হারায় পাঁচ উইকেট। এর পরের চিত্রটাও একই। ২৪ দশমিক পাঁচ ওভারে গুটিয়ে যায় আরব আমিরাতের ইনিংস। মাত্র দুই জন ব্যাটার দুই অঙ্কের স্কোরের দেখা পান।
বাংলাদেশের ক্রমাগত আক্রমণে মারুফ মৃধা তিনটি, বর্ষণ তিনটি, ইমন ও জীবন নেন দুটি করে উইকেট।
রাষ্ট্রপতির অভিনন্দন
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি আশা করেন, ক্রিকেটে বাংলাদেশের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রীর অভিনন্দন
এদিকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিজয়ের মাসে এ জয় আমাদের খেলোয়াড়দের আরও বেশি অনুপ্রাণিত করবে।