আইপিএলের ১৭ তম আসর শুরু হতে এখনো প্রায় চার মাস বাকি। কিন্তু এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে মুস্তাফিজুর রহমান কি চেন্নাইয়ের একাদশে সুযোগ পাবেন? তারই যেন একটা উত্তর পাওয়া গেলো ক্রিকইনফোর এক ফেসবুক পোস্টে।
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ দেয়, যেখানে জায়গা হয়নি ফিজের।
এদিকে চেন্নাইতে স্বাগতম- এমন ছোট্ট ক্যাপশন দিয়েই মুস্তাফিজের ছবি ফেসবুকে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। তবে কী গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে... সোশ্যাল মিডিয়ার রিচ বাড়াতেই ফিজকে দলে নেয়া?
মুস্তাফিজকে চেন্নাই দলে ভেড়ানোর পর থেকেই আলোচনা ওঠে... একাদশে সুযোগ মিলবে না তার। ফিজকে নিয়ে ডিজিটাল ব্যবসার ফন্দি পেতেছে চেন্নাই! এমন কথার কোনো ভিত্তি না থাকলেও ক্রিকইনফোর এক পোস্টে জোরালো হয়ে ওঠে শুরুর আলোচনা। চেন্নাইয়ের সম্ভাব্য একাদশে নেই কাটার মাস্টার!
বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ দিয়েছে ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। যেখানে রাখা হয়নি মুস্তাফিজুর রহমানকে।
ক্রিকনইফোর একাদশে পেসার হিসেবে জায়গা হয়েছে তিনজনের। ভারতীয় পেসার দীপক চাহার ছাড়াও ফরেন কোটায় আছেন মাথিশা পাথিরানা। এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে থাকছেন তুষার দেশপান্ডে।
তবে ক্রিকইনফো যে শুধু চেন্নাইকে নিয়েই সম্ভাব্য একাদশ দিয়েছে ব্যাপারটা তা নয়। আইপিএলের সবগুলো দলকে নিয়েই পর্যায়ক্রমে একাদশ দিচ্ছে তারা। যদিও আইপিএলের ১৭তম আসর শুরু হতে এখনো ঢের বাকি।
আগামী বছরের ২২ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএল। তাই ক্রিকইনফোর পোস্টে বিচলিত হবার কিছু নেই। কারণ প্রতিপক্ষ আর কন্ডিশন অনুযায়ীই যে গড়া হবে একাদশ।