হার দিয়ে বিপিএল শুরু কুমিল্লার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দারুণ শুরু করেছে নতুন ফ্রাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যাত্রা শুরু হলো হার দিয়ে। দুর্দান্ত ঢাকা জয় পেয়েছে ৫ উইকেটে।

শুক্রবার বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে কুমিল্লা। স্কোরবোর্ডে তেমন বেশি রান যুক্ত করতে পারেনি দলটির ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে লিটন দাসের দল।

জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনা করে ঢাকা। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়েই ৫৬ রান তুলে দলকে দুর্দান্ত শুরু এনে দেন নাঈম ও গুনাথিলাকা।

১২ দশমিক ৪ ওভারে ১০১ রানের মাথায় ভাঙে এই জুটি। ততক্ষণে জয়ের সুবাস পাচ্ছিলো ঢাকা।

বাঁহাতি স্পিনার তানভীর আহমেদের বলে লং অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ম্যাথু ফোর্ডের হাতে ক্যাচ তোলেন নাঈম। ৪০ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করেন এই বাঁহাতি।

গুনাতিলকাও ৪২ বলে ৪১ রান করে মিড উইকেটে ক্যাচ তোলেন। মোস্তাফিজুর রহমান এসে আউট করেন লাসিথ ক্রসপুল্লেকে (৫)। টিকতে পারেননি সাইফ হাসানও (৭)।

দ্রুত দুই ব্যাটসম্যান আউট হলে কিছুটা চাপে পড়ে ঢাকা। শেষ ওভারে জয়ের জন্য যখন দরকার ৪ রান, মোস্তাফিজের বলে দারুণ ক্যাচে ইফরান শুক্কুর আউট হন।

উইকেট পতনে কুমিল্লার জয়ের ক্ষীণ আশা জাগে ঠিকই, কিন্তু চতুরাঙ্গা ডি সিলভা তা হতে দেননি। ক্রিজে এসে প্রথম বলেই বাউন্ডারি মেরে ইনিংসের ৩ বল বাকি থাকতে ঢাকার ৫ উইকেটের জয় নিশ্চিত করেন।

সংক্ষিপ্ত স্কোর:

কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১৪৩/৬ (লিটন ১৩, ইমরুল ৬৬, হৃদয় ৪৭, খুশদিল ১৩, জাকের আলী ০*, রোস্টন চেজ ০, মাহিদুল ০ ; তাসকিন ২/৩০, শরীফুল ৩/২৭, আরাফাত ০/২৫, চতুরাঙ্গা ১/২২, উসমান ১/২৮, গুনাতিলকা ০/৯)।

দুর্দান্ত ঢাকা: ১৯.৩ ওভার ১৪৭/৫ (গুনাতিলকা ৪১, নাঈম ৫২, ক্রুসপুল্লে ৫, ইরফান ২৪, সাইফ ৭, মোসাদ্দেক ১*, চতুরাঙ্গা ৬* ; ফোর্ড ০/২৫, মুশফিক ০/১৯, চেজ ০/১৮, তানভীর ২/২৭, মোস্তাফিজ ২/৩১, হদয় ০/৪, খুশদিল ১/১২)।