আরও পাঁচ বছর বিশ্বের অন্যতম শীর্ষ জমকালো টি-টোয়েন্টির আসর আইপিএল-এর সাথেই থাকছে ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান টাটা গ্রুপ। এজন্য রেকর্ড আড়াই হাজার কোটি রুপি দিয়ে আইপিএল-এর টাইটেল স্পনসর হিসাবে চুক্তি নবায়ন করে নিয়েছে এই প্রতিষ্ঠানটি।
করোনাকালের পর ভারত-চীনের মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যে চীনা মোবাইল কোম্পানি এই আসরের হাত ছেড়ে দিলে, টাইটেল স্পনসর হবার সুযোগ হাতছাড়া করেনি টাটা । ভারতের ক্রিকেট বোর্ড- বিসিসিআই শনিবার এক বিবৃতিতে টাটার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বিসিসিআই বলেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য টাটা গ্রুপকে আরও পাঁচ বছরের জন্য টাইটেল স্পনসরশিপ অধিকার প্রদান করা হয়েছে। এজন্য টাটা বোর্ডকে রেকর্ড আড়াই হাজার কোটি রুপি দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে বোর্ড। এটি বোর্ডের ইতিহাসে সর্বোচ্চ অংকের কোন স্পনসরশীপ চুক্তি।
বিসিসিআই সম্ভাব্য দরদাতাদের জন্য কঠোর শর্ত দিয়েছিলো। বিশেষ করে খেলাধূলার প্রেরণার সঙ্গে খাপ খায় না এমন প্রতিষ্ঠানকে নিরুৎসাহিত করা হয়। ফ্যান্টাসি গেমিং, স্পোর্টসওয়্যার, ক্রিপ্টোকারেন্সি, বাজি, জুয়া ও অ্যালকোহল পণ্যর সঙ্গে যুক্ত সব ধরনের প্রতিষ্ঠানকে দরপত্র থেকে দূরে রাখা হয়।
তবে ১২ জানুয়ারি ডেটলাইনের মধ্যে টাটার পাশাপাশি আদিত্য বিড়লা গ্রুপও টাইটেল স্পনসর হবার দৌড়ে সামিল হয়। আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল বলেন, শেষ পর্যন্ত টাটা গ্রুপের রেকর্ড অর্থের প্রস্তাবের কাছে হেরে যায় বিড়লা গ্রুপ। তিনি বলেন, এই স্পনসরশিপ আইপিএলের ক্রমবর্ধমান মূল্যকে তুলে ধরে।
উল্লেখ্য গত বছর আইপিএল ছিলো বিশ্বের একক কোন লিগ আসর হিসাবে দ্বিতীয় দামি আসর। বিশেষ করে ম্যাচ প্রতি সম্প্রচার স্বত্তের হিসাবে। এক নম্বরে আছে আমেরিকান ফুটবল লীগ- এনএফএল । তবে দেশটির বাজার ও অর্থনীতি ভারতের থেকে অনেক দূর এগিয়ে আছে।
২০২২ সালে আইপিএল মিডিয়ার স্বত্ত্ব বিক্রি করেছিলো রেকর্ড অর্থে। ভারতীয় সম্প্রচার কোম্পানি ভায়াকম রেকর্ড ২৩ হাজার ৭৫৮ কোটি রুপিতে আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব কিনে নেয়। তাদের সঙ্গে প্রতিযোগিতায় ছিলো ডিজনি স্টার, তারা প্রস্তাব করেছিলো ২৩ হাজার ৫৭৫ কোটি রুপি।
বোর্ডের সচিব জয় শাহ বলেন, আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে টাটা গ্রুপের সাথে অংশীদারিত্ব ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। সীমানা অতিক্রম করে, দক্ষতা, উত্তেজনা এবং বিনোদনের অতুলনীয় সংমিশ্রণে বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করেছে এই লিগ।
জানা গিয়েছে, বোর্ডকে প্রতি বছর ৫০০ কোটি টাকা দেবে টাটা। ২০২৪-২৮ পর্যন্ত চুক্তি টাটা গ্রুপের। তার পরেও চুক্তি বাড়ানো যেতে পারে। এই পাঁচ বছরে ২৫০০ কোটি টাকা টাটার কাছ থেকে পাবে বোর্ড। এই পরিমাণ অর্থ আদিত্য বিড়লা গ্রুপও দিতে চেয়েছিল। কিন্তু টাটা গ্রুপও একই টাকা দেয়ায় জয় তাদেরই।