কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ শেষে আবার মুখোমুখি কোহলি-গম্ভীর

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ শেষে আবার মুখোমুখি হলেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচ হারলেও কোহলি-গম্ভীরের স্পোর্টসম্যানশিপ মন কেড়েছে সবার।

বিরাট কোহলির ঝকঝকে একটা ইনিংসকে নিমিষেই জলে ফেলে দেয় কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে প্রথম দল হিসাবে অ্যাওয়ে ম্যাচে জয়, সাথে টানা দুই জয় তুলে নিলো কেকেআর।

তবে এই ম্যাচের রেজাল্ট ছাপিয়ে গেছে অন্য একটা ঘটনা। কে জিতলো কে হারলো সেসব খানিকটা দূরে রেখে সবার নজর কেড়েছে গম্ভীর-কোহলির রি-ইউনিয়ন। ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর ব্যাটিং সেশনে স্ট্র্যাটেজিং টাইম আউটের সময়। হঠাৎ করেই কোহলি ও গম্ভীর দু’জন দু’জনকে হাসিমুখে জড়িয়ে ধরেন। আলোর বেগের মতো ছড়িয়ে পড়ে সেই ছবি।

ধারাভাষ্যকার রবিশাস্ত্রী বলে ওঠেন, এই দৃশ্য নিঃসন্দেহে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পাবে। অন্যদিকে, সুনীল গাভাস্কার রসিকতার সুরে বলেন, ‘এই দৃশ্য শুধু ফেয়ার প্লে নয়, অস্কার পাওয়ার যোগ্য’।

কোহলি-গম্ভীর দ্বৈরথ আইপিএলে বরাবরই একটা বড় জায়গা দখল করে থাকে। গম্ভীর যখন কেকেআরের অধিনায়ক তখন থেকেই দু’জনের রাই্ভালরির সূত্রপাত। একটি ম্যাচে তর্কে জড়িয়ে পড়েন তারা। গেলো মৌসুমে গম্ভীর ছিলেন লখনউয়ের মেন্টর, সেখানেও লেগে যায় দু’জনের ধুন্ধুমার লড়াই। ভাবা হচ্ছিলো এবার তো শুরু হবে এই লড়াইয়ের সিজন থ্রি। কিন্তু না সবাইকে চমকে গম্ভীর-কোহলি দেখালেন স্পিরিট অব স্পোর্টসম্যানশিপ।

গম্ভীর-কোহলি যেমন অবাক করেছে মিচেল স্টার্কের পারফর্ম্যান্স দেখে সবাই আতকে উঠছে। যে পারফর্ম্যান্স দিচ্ছেন তাতে নিজেকে হাসির পাত্রে পরিণত করছেন। ভাবা হয়েছিলো কলকাতার বোলিং ডিপার্টমেন্টে যে দুর্বলতা ছিল সেটা কাটাবেন স্টার্ক। কোথায় কী? দুই ম্যাচেই রান দিয়ে সেঞ্চুরি করে ফেলেছেন স্টার্ক, ঝুলিতে নেই কোনো উইকেট। বিশ্বচ্যাম্পিয়ন স্টার্ক যেনো হয়ে উঠছেন কলকাতার গলার কাটা।