বিশ্বকাপটা কি ধরে রাখতে পারবে ইংল্যান্ড ক্রিকেট দল? মঙ্গলবার বার্বাডোজে প্রতিবেশী দেশ স্কটল্যান্ডের বিপক্ষে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। পাওয়ারফুল ব্যাটিং লাইনআপ থ্রি লায়ন্সের শক্তি, পেস কি স্পিন ইউনিটও ওদের দুর্দান্ত। তবে গেলো দুই বিশ্বকাপে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজকে হারানো স্কটিশরা, এবারো চমক দেখাতে মরিয়া।
ছোট ফরম্যাটের ইংল্যান্ডের কথা উঠলেই যেনো পুরোনো ব্যথা নতুন করে জাগে ভারতীয় সমর্থকদের, আর টাইগার ভক্তরা কলার উঠিয়ে নাচে!
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন, ধুমধাড়াক্কা ক্রিকেটের সমার্থক শব্দ যেন ইংল্যান্ড। অ্যাডিলেইডে দশ উইকেটের জয়, গেলো বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়াকে কী পিটুনি দিলো বাটলার আর হেলস, শিরোপাধারীরা এরপর মিরপুরে এসেই হিংস্র বাঘের শিকারে পরিণত, ধবলধোলাই হয়ে বাড়ি ফেরে মাইটি থ্রি লায়ন্স।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাক টু ব্যাক শিরোপা জিততে পারেনি কেউই, যদিও ভারসাম্যপূর্ণ দল আর দারুণ সুখস্মৃতির কারণে এবারো হট ফেভারিট বাটলার অ্যান্ড কোং কারণ, আইসিসির প্রথম কোন ট্রফি ইংলিশরা যেতে ক্যারিবিয়ান অঞ্চলেই। সেটাও আবার দুই হাজার দশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মজার ব্যাপার, চলতি আসরে যুক্তরাষ্ট্রের মাটিতে ইংলিশদের নেই কোন ম্যাচ, সবই খেলবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে।
মঙ্গলবার বার্বাডোজে বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড জায়ান্ট কিলারের ট্যাগ লাগাতে স্বপ্নে বিভোর স্কটিশরা, আর ক্রিকেট ভক্তরা অপেক্ষায় বড় স্কোর দেখার।
ওপেনিংয়ে বাটলার আর সল্ট, আইপিএল মাতিয়ে দু’জনই চাঙ্গা। ব্যাটিং লাইনআপের বাকিরাও রেড হট ফর্মে উইল জ্যাকস, বেয়ারস্টো, মঈন আলী, হ্যারি ব্রুক, লিভিংস্টন। সবাই দেড়শ’ থেকে দুইশ স্ট্রাইক রেটে ব্যাট চালানোয় ওস্তাদ।
গতিময় মার্ক উডতো আছেনই, আরেক আগুনের গোলা ছোড়া জফরা আর্চারও ফিরেছেন থ্রি লায়ন্স জার্সিতে, ওদের পেসারদের দৌড় আর এগ্রেসন দেখে হাঁটু কাঁপতে পারে যে কোনো ব্যাটারেরই, আদিল রশিদের লেগস্পিনও বড় পার্থক্য গড়ে দিতে পারে ওয়েষ্ট ইন্ডিজের পিচে।
প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। কঠিন অ্যাসাইনমেন্টের আগে আত্মবিশ্বাসী হতে তারা বার বার দেখছে গেলো দুই বিশ্বকাপের দুই ম্যাচের হাইলাইটস। প্রথমটা দুই হাজার একুশ, ওমানের মাস্কাটে, সাকিব, মুশফিক, রিয়াদদের চমকে দিয়ে ক্রিকেট বিশ্বে নিজেদের সামর্থ্যের জানান দেয় বেরিংটনরা।
বছর ঘুরতেই, দুই হাজার বাইশে অস্ট্রেলিয়ায় আরেক টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বড় ধাক্কাটা দেয় তাসমান সাগর পাড়ের হোবার্টে। চলতি বিশ্বকাপে স্কটিশদের থাবায় চূর্ণবিচূর্ণ হবে কার দম্ভ? বি গ্রুপের দুই জায়ান্ট ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া চাপেই থাকার কথা!