দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাট থেকে দূরে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এক সময় ওয়ানডেতে শক্তিশালী দল হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে সেই ধারায় কিছুটা ভাটা পড়েছে বলে স্বীকার করেছেন তিনি।
গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কারণে বাংলাদেশের মূল মনোযোগ ছিল সংক্ষিপ্ততম এই সংস্করণে। ফলে বছরজুড়ে মাত্র তিনটি ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় টাইগাররা। যেখানে শ্রীলঙ্কার কাছে ২-১ এবং আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় ছিল একমাত্র প্রাপ্তি।
গত অক্টোবরের পর প্রায় পাঁচ মাস ওয়ানডে খেলেনি বাংলাদেশ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও এই ফরম্যাটে ফিরছে দল।
এ প্রসঙ্গে সাংবাদিকদের মিরাজ বলেন, অস্বীকার করার উপায় নেই যে আমাদের ওয়ানডে ফর্মে অবনতি হয়েছে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কারণে আমরা ওই ফরম্যাটে বেশি মনোযোগ দিয়েছিলাম। নিয়মিত ম্যাচ প্র্যাকটিসের অভাব পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। তবে আমরা বিশ্বাস করি, এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে বাংলাদেশের জন্য এখন প্রতিটি সিরিজই মহাগুরুত্বপূর্ণ। পাকিস্তান সিরিজের আগে ঘরোয়া বিসিএল ওয়ানডে টুর্নামেন্টকে প্রস্তুতির বড় মাধ্যম হিসেবে দেখছেন অধিনায়ক।
মিরাজ বলেন, বিসিএলে আমরা ভালো উইকেটে খেলেছি। একটি ম্যাচে ৩২২ রান তাড়া করে জয় এসেছে, নিয়মিত ৩০০ রানও হয়েছে। ওয়ানডে ফরম্যাটের জন্য এটি ইতিবাচক লক্ষণ, যা আমাদের ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।