ক্রিকেটের লাল বলের বাইশ গজে দীর্ঘ ১৪৯ বছরের ইতিহাস নতুন করে লিখলেন অস্ট্রেলিয়ার গতির দানব মিচেল স্টার্ক! বাঁহাতি পেসের বিষাক্ত সুইং আর গতি দিয়ে বহু আগে থেকেই ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরানো ৩৬ বছর বয়সী এই স্পিডস্টার এবার গড়লেন এমন এক ঐতিহাসিক কীর্তি, যা ভাঙতে হয়তো অপেক্ষা করতে হবে যুগের পর যুগ।
দক্ষিণ আফ্রিকার গেবেখায় অনুষ্ঠিত টেস্টের তৃতীয় দিনে প্রোটিয়া ব্যাটার উইয়ান মুল্ডারকে সাজঘরে ফেরানোর মধ্য দিয়েই উঁচিয়ে ধরেন নিজের টেস্ট ক্যারিয়ারের ৪৫০তম উইকেটের শিকারি ট্রফি।
আর এই একটা উইকেটেই তিনি নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়, টেস্ট ক্রিকেটের প্রায় দেড় শতাব্দীর ইতিহাসে প্রথম কোনো বাঁহাতি বোলার হিসেবে ৪৫০ উইকেটের মহিমান্বিত মাইলফলক স্পর্শ করলেন তিনি! এমনকি পাকিস্তানের কিংবদন্তি সুইং সলতান ওয়াসিম আকরাম (৪১৪ উইকেট) কিংবা শ্রীলঙ্কার ঘূর্ণি জাদুকর রঙ্গনা হেরাথও (৪৩৩ উইকেট) বাঁহাতি হিসেবে যে উচ্চতায় পৌঁছাতে পারেননি, সেখানে এখন একাই রাজত্ব করছেন এই অজি পেসার।
তবে চমকের এখানেই শেষ নয়! বাঁহাতিদের ইতিহাসে সেরা হওয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটে ‘বলের হিসাবে’ দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার অলটাইম বিশ্বরেকর্ডও এখন স্টার্কের পকেটে।
এই ক্লাবে প্রবেশ করতে তিনি খরচ করেছেন মাত্র ২০,৫৭৭টি বল। আর তাতেই ছাতু বানিয়ে ছেড়েছেন স্বদেশী বোলিং কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার ২৩,৪৭৪ বলের রেকর্ডকে। সোজা হিসাবে, ম্যাকগ্রার চেয়ে অবিশ্বাস্য ২,৮৯৭ বল কম খরচ করেই ইতিহাস নিজের নামে খোদাই করলেন স্টার্ক!
অস্ট্রেলিয়ার মহিমান্বিত ক্রিকেট ইতিহাসেও এই অর্জন চাট্টিখানি কথা নয়। অজিদের অসামান্য ক্রিকেট ইতিহাসে শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়নের পর মাত্র চতুর্থ বোলার হিসেবে ৪৫০ উইকেটের অভিজাত ক্লাবে নাম লেখালেন মিচেল স্টার্ক। বুড়ো হাড়ের ভেলকি আর আগুনে স্পেলে তিনি যেন বিশ্ব ক্রিকেটকে আরও একবার স্পষ্ট বার্তা দিলেন, পেস বোলিংয়ের রাজত্ব এখনও তাঁরই কব্জায়!