এবার বজ্রপাতে বন্ধ মিরপুর টেস্টের খেলা!

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম যেন আজ এক রহস্যময় নাটকের মঞ্চ! আলো-আঁধারির খেলা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কানে তালা লাগানো বজ্রপাত, সব মিলিয়ে চতুর্মুখী বাধায় চরম রোমাঞ্চে জমে উঠেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চারদিনের এই টেস্ট ম্যাচটি।

বৃষ্টির দীর্ঘ বিরতি কাটিয়ে যখন মাঠ শুকিয়ে খেলা শুরু হলো, ঠিক তখনই মিরপুরের আকাশে আবার প্রকৃতির নতুন ধাক্কা! মাঠের উত্তেজনা চড়তে না চড়তেই মাত্র ৯টি বল গড়ালে আবারও বন্ধ হয়ে যায় খেলা। তবে এবার শত্রু বৃষ্টি নয়, খেলা থামিয়েছে প্রকাণ্ড বজ্রপাত!

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দলের ওপর ভাগ্যের দেবী যেন একটু বেশিই কুপিত। মাঠের নাটকে টাইগারদের বারবার সঙ্গী হচ্ছে ‘আম্পায়ার্স কল’-এর চরম হতাশা। বৃষ্টি থামার পর তাইজুল ইসলাম নিজের অসমাপ্ত ওভারটি শেষ করতে আসেন। ওভারের চতুর্থ বলেই ক্যারেবিয়ান ওপেনার ব্র্যান্ডন কিংয়ের বিরুদ্ধে জোরালো এলবিডব্লিউর আবেদন তোলে বাংলাদেশ। অন-ফিল্ড আম্পায়ার সাড়া না দিলে কোনো ঝুঁকি না নিয়ে সোজা রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

কিন্তু হায়! রিপ্লেতে দেখা গেল সেই চিরাচরিত ‘আম্পায়ার্স কল’! কপালজোরে বেঁচে যান ব্রান্ডন কিং। এর আগেও ঠিক একইভাবে উইকেট পেতে পেতে বঞ্চিত হয়েছিল শান্তর দল—আবেদন করা হলেও সাড়া মেলেনি, রিভিউতে বেঁচে গেছেন উইন্ডিজ ব্যাটার। রিভিউর সংখ্যা বেঁচে গেলেও ঝুলিতে জমা হয়নি কাঙ্ক্ষিত উইকেট। মাঠে টাইগারদের এই দুর্ভাগ্য আর হতাশার দৃশ্য সমর্থকদের মন ভেঙেছে বারবার।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ১৭ ওভার ৪ বল শেষে বিনা উইকেটে ৮৭ রান তুলে ফেলেছে। ম্যাচ জয়ের জন্য উইন্ডিজদের প্রয়োজন আর মাত্র ৮৩ রান, অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন এক অলৌকিক ঘুরে দাঁড়ানো এবং ১০টি মহামূল্যবান উইকেট!

বৃষ্টিতে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকায় চা-বিরতির সময় পিছিয়ে দুপুর ৩টায় নির্ধারণ করা হলেও এখন আলোকস্বল্পতা ও আবহাওয়া পরিস্থিতি কী দাঁড়ায়, তা নিয়েই চরম উৎকণ্ঠায় দুই দলের ক্যাম্প। মাঠের বাউন্ডারি আর আকাশের মেঘ, দুইয়ের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তার জন্য অপেক্ষা ছাড়া উপায় নেই!