মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ করলেন লিটন, লিখলেন ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করে সেই ইনিংস তাকে উৎসর্গ করলেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে শতরানের দেখা পান তিনি। এটি টেস্টে লিটনের অষ্টম সেঞ্চুরি।

সেঞ্চুরির পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরেন লিটন। এরপর পকেট থেকে একটি কাগজ বের করে দেখান। সেখানে মেয়ের উদ্দেশে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’

লিটনের মেয়ে আনায়রার আজ তৃতীয় জন্মদিন। বিশেষ এই দিনে বাবার কাছ থেকে পাওয়া উপহারটি হয়ে থাকল স্মরণীয়।

তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মেহেদী হাসান মিরাজ। দিনের প্রথম উইকেট হিসেবে ডেল পিটারসনের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৬ বলে ১০ রান করেন মিরাজ।

বাংলাদেশের প্রথম দিনের খেলা শেষ হয়েছিল ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে। দিনের শেষ বলে মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লু হয়ে ফেরেন তাওহিদ হৃদয়। ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। লিটনের সঙ্গে তার ২০৬ রানের ষষ্ঠ উইকেট জুটি ভাঙে তাতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।