আইসিসির শাস্তি পেলেন হৃদয়, কিন্তু কেন?

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ।

জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে এই শাস্তি পেয়েছেন ডানহাতি ব্যাটার হৃদয়।

বুধবার আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর ঘটনাটি ঘটে। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। তার অভিযোগ ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে তার আচরণ ছিল আক্রমণাত্মক ও অনুচিত।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের দায়ে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ নভেম্বর।