ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল জয়ী দলের অন্যতম সদস্য স্যার ববি চার্লটনের মৃত্যু আসলেই স্বাভাবিক ছিলো না। মারা যাবার ১১ দিন পর জানা গেল, দুর্ঘটনাবশত পড়ে মারা গিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার। দন্ত শেষে বুধবার এমনটা জানিয়েছে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
গেলো ২১ অক্টোবর প্রয়াত হন ইংল্যান্ডের সাবেক ফুটবলার স্যার ববি চার্লটন। আর, ৮৬ বছরের ফুটবলারের মৃত্যুর কারণ জানা গেল ১১ দিন পর। তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইডেট জানিয়েছে, দ্য উইলোস কেয়ার হোমে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন চার্লটন। আঘাত সহ্য করতে না পেরেই মৃত্যু হয়েছিল তার।
১৯৬৬ সালে শিরোপা জয়ী ইংল্যান্ডের বিশ্বকাপ দলের ফরোয়ার্ড চার্লটন দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় (ভুলে যাওয়া রোগ) ভুগছিলেন। দ্য উইলোস কেয়ার হোমে রেখে চিকিৎসা চলছিল তার। গত ১৬ অক্টোবর চেয়ার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান।
ঘরের জানালার সঙ্গে ধাক্কা লাগে তার। পিঠের কিছুটা অংশ ফুলে যায়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান তার পাঁজরের হাড় ভেঙে গেছে। এর পাঁচদিন পর হাসপাতালেই মৃত্যু হয় চার্লটনের। সে সময়েই বলে দেয়া হয় অস্বাভাবিক কারণে মৃত্যু হয় তার, তবে কারণটি তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
১৯৫৮ সালে মিউনিখ বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া খেলোয়াড়দের একজন ছিলেন চার্লটন। ওই ঘটনার আট বছর পরই বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। তারপর ম্যানইউর হয়ে জেতেন ইউরোপিয়ান কাপ। চার্লটন ইংল্যান্ডের হয়ে ১০৬টি ম্যাচ খেলেছেন। করেছেন ৪৯ গোল। যা ছিল তার সময়ের রেকর্ড।
নিখুঁত পাস এবং দূরপাল্লার শটের কারণে বিখ্যাত ছিলেন। তার জীবনের অন্যতম সেরা ঘটনা ১৯৫৮ সালে মিউনিখের বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা। ম্যান ইউয়ের প্রথম দলের আট জন ফুটবলার এবং অনেক সাপোর্ট স্টাফ মারা গিয়েছিলেন সেই ঘটনায়। অক্ষত ছিলেন স্যার ববি চার্লটন।