শঙ্কাই সত্যিই হলো... রিয়াদ সিজন কাপে দেখা হচ্ছে না মেসি-রোনালদোর। ইনজুরির কারণে সিআর সেভেনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না আল নাসর। তবে মাঠে দু’জনের দ্বৈরথ না দেখা গেলেও, দেখা হয়ে যেতেও পারে মেসি-রোনালদোর। সেটা সম্ভব করতে পারে একটা ডিনার পার্টি। সৌদির স্টেট কাউন্সিলর তুর্কি আল শেখ ব্যবস্থা নিলেই ঘটতে পারে অভূতপূর্ব এই ঘটনা।
২০১৯ সালের ইউয়েফা বর্ষসেরা ফুটবলারের অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন বিশ্বের মোস্ট ডেকোরেট দুই ফুটবলার। প্রশ্নের এক ফাঁকে রোনালদো জানান, মনে পুষে রাখা এক আফসোসের কথা... গেলো দেড় দশক ধরে ফুটবল বিশ্বে তাদের কেবল দ্বৈরথই চলেছে কখনো একসাথে বসে ডিনার করা হয়নি। তবে আশাও ব্যক্ত করেন, হয়তো ভবিষ্যতে হবে।
সি আর সেভেনের সেই স্বপ্নই যেনো এবারে সত্যিই হতে চলেছে। গণমাধ্যমে এই নিয়ে শুরুও হয়ে গেছে আলোচনা। আর এই ইচ্ছে পূরণ করতে পারেন সৌদির স্টেট কাউন্সিলর তুর্কি আল শেখ।
রিয়াদ সিজন কাপের প্রথম ম্যাচে আল হিলালের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। সেই শ্বাসরুদ্ধকর ম্যাচটা ৩-৪ গোলে হেরে যায় মেসির ইন্টার মায়ামি। ম্যাচ হারের পরই সৌদি বিলিয়োনিয়ার তুর্কি আল শেখের আয়োজনে এক ডিনার পার্টিতে যোগ দেয় মেসি বাহিনী। সৌদির আতিথেয়তায় মুগ্ধ বনে যায় আমেরিকান দলটা।
আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পরপরই উঠে আসে রোনালদোর পুরনো সেই উইশের কথা। ধারণা করা হয় নিশ্চয়ই বিগ ম্যাচের আগেও আয়োজন হতে পারে বহু কাঙ্ক্ষিত সেই ডিনার পার্টির। যেখানে সব দ্বৈরথ পেছনে ফেলে মেসি-রোনালদো মেতে উঠবেন খোশগল্পে।
কথা ছিলো শোপিস এই এনকাউন্টারে মাঠে লড়বেন মেসি রোনালদো। তবে ইনজুরি ভেঙে দিলো সবার মন। আমরা মেসি ভার্সেস রোনালদো এই লড়াইটা দেখতে পারছি না। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে রোনালদোর না থাকার এই খবরটা এমনভাবেই দিলেন আল নাসর কোচ।
তাহলে কী গেলো বছরের জানুয়ারিতেই হয়ে গিয়েছিলো দুই মহারথীর মুখোমুখি শেষ লড়াই। আর কখনো কী মাঠে দেখা যাবে না তাদের দ্বৈরথ। কে না জানে মাঝেমধ্যে ১ শতাংশ সম্ভাবনাও উড়িয়ে দিতে নেই। ২০২৫ এর ক্লাব বিশ্বকাপে সুযোগ আছে দু’জনের দেখা হওয়ার। যদি সেটাও মিস হয় তাহলেও সম্ভব... দু’জনের দু’দল চাইলে প্রীতি ম্যাচ তো যখন তখনই আয়োজন করাই যায়।
আপাতত সমর্থকরা চাতক পাখির মতো অপেক্ষায়, স্বপ্ন থেকে আদৌ বাস্তবে রূপ নেয় কিনা মেসি-রোনালদোর ঐতিহাসিক এই ডিনার পার্টি।