তুরস্ককে হারিয়ে ২০ বছর ইউরো কাপের সেমিফাইনালে উঠলো নেদারল্যান্ডস। সবশেষ দুই দশক আগে সেমিফাইনালে খেলে পর্তুগালের কাছে হারে দলটি।
শনিবার দিনগত রাতের ম্যাচে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল তুরস্ক। গোল করে ম্যাচে এগিয়েও গিয়েছিল। কিন্তু সেই স্বপ্ন চূর্ণ হলো মাত্র ৬ মিনিটের ব্যবধানে।
প্রথমার্ধে চাপ বিস্তার করে খেলে ৩৫ মিনিটে এগিয়ে গিয়েছিল তুরস্ক। কিন্তু ৭০ ও ৭৬ মিনিটে দুটি গোল হজম করে ম্যাচে আর ফেরা হয়নি আরদা গুলেরদের।
অবশ্য শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তুরস্ক। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ একটি সুযোগ পায় দলটি। সেমিহের শটটি দারুণ ক্ষিপ্রতায় রুখে ডাচদের জয়ের পথে রাখেন গোলরক্ষক।
বাকিটা সময় রক্ষণ সামলে শেষের বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো ডাচ শিবির। ১৯৮৮ সালের চ্যাম্পিয়নরা সবশেষ এই প্রতিযোগিতায় সেমি-ফাইনাল খেলেছিল ২০০৪ আসরে।