নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে যা জানালেন ব্রাজিলের কোচ আনচেলত্তি

ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি তারকা ফরোয়ার্ড নেইমারের জাতীয় দলে ফেরা নিয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। সম্প্রতি দীর্ঘ ইনজুরি শেষে আবারও মাঠে ফিরলেও ব্রাজিল দলে খেলার জন্য কোচ আনচেলত্তির কাছ থেকে কোনো সাড়া পাননি।

তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী মে মাসে যখন তিনি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন, তখন নেইমার যদি ফিট থাকেন এবং খেলার যোগ্য হন, তবে তিনি অবশ্যই দলে থাকবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, আমি বুঝতে পারছি, আপনারা নেইমারকে নিয়ে খুব আগ্রহী। আমি বিষয়টি স্পষ্ট করতে চাই...। এখন ডিসেম্বর মাস, আর বিশ্বকাপ শুরু হবে জুনে। মে মাসে যখন আমি স্কোয়াড ঘোষণা করব, তখন নেইমার যদি দলে থাকার যোগ্য হন, যদি তিনি ভালো থাকেন, এবং তিনি যদি অন্য কারও চেয়ে ভালো বা তাদের সমপর্যায়ের হন, তবে তিনি বিশ্বকাপ খেলবেন- ব্যাস।

এই মন্তব্যের মাধ্যমে আনচেলত্তি জোর দিয়েছেন, জাতীয় দলে নেইমারের সুযোগ পাওয়ার বিষয়টি শুধুমাত্র তার বর্তমান ফর্ম এবং ফিটনেসের উপর নির্ভর করবে, অন্য কোনো আবেগের ওপর নয়।

যেহেতু বিশ্বকাপ শুরু হতে এখনও ছয় মাসেরও বেশি সময় বাকি, তাই এই সময়ের মধ্যে নেইমারের ফিটনেস এবং মাঠের পারফরম্যান্সই হবে তার চূড়ান্ত দলে স্থান পাওয়ার মূল মাপকাঠি।

নেইমারের ভক্ত এবং ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ২০২৬ সালের জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে তিনি নিজের ফিটনেস এবং ফর্ম ধরে রাখতে পারেন কি না।