বুর্কিনা ফাসোকে হারিয়ে শেষ আটে মিশরের মুখোমুখি আইভরি কোস্ট

বুর্কিনা ফাসোকে অনায়াসে হারিয়ে আফ্রিকান কাপ অফ নেশন্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আইভরি কোস্ট। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী মিশর।

সোমবার মারাক্কেশে বুর্কিনা ফাসোকে ৩-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর প্রথম বর্তমান চ্যাম্পিয়ন দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠার নজির গড়ল আইভরিকোস্ট। এই জয়ে মুখ্য ভূমিকা পালন করেন ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আমাদ দিয়ালো।

ম্যাচের ২০ মিনিটে আমাদ দিয়ালোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩২ মিনিটে ইয়ান দিওমান্দের দ্বিতীয় গোলে বড় অবদান রাখেন তিনি। ম্যাচের শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় বাজুমানা তোরে তৃতীয় গোলটি করে ব্যবধান ৩-০ করেন।

বিগত ১৬ বছরে আফ্রিকান নেশনস কাপের ইতিহাসে কোনো বর্তমান চ্যাম্পিয়ন দলই শেষ আট পর্যন্ত পৌঁছাতে পারেনি। ক্যামেরুন, সেনেগাল, আলজেরিয়া বা নাইজেরিয়ার মতো বড় দলগুলো হয় গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে অথবা বাছাইপর্বেই ছিটকে গিয়েছিল। আইভরি কোস্ট সেই খরা কাটালো।

aibery-coast1

খেলার শুরু থেকেই আইভরিকোস্ট আধিপত্য বিস্তার করতে থাকে। অধিনায়ক ফ্রাঙ্ক কেসি শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন। ২০ মিনিটে আমাদ দিয়ালো বেশ কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক হার্ভে কফিকে পরাস্ত করে দলকে লিড এনে দেন। বুর্কিনা ফাসো ফাউলের দাবি জানালেও ভিএআর রিভিউতে গোলটি বহাল থাকে। ম্যাচের ৩২ মিনিটে ১৯ বছর বয়সী দিওমান্দে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর বুর্কিনা ফাসো ম্যাচে ফেরার কিছু চেষ্টা করলেও আইভরি কোস্টের জমাট রক্ষণ আর গোলরক্ষক ইয়াহিয়া ফোফানার দক্ষতায় তারা সফল হতে পারেনি। ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ডাংগো ওয়াত্তারার একটি শট গোলপোস্টে লেগে ফিরে এলে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হয় তাদের। ৮৭ মিনিটে মাঝমাঠ থেকে এক দৌড়ে বল নিয়ে গিয়ে দারুণ ফিনিশিংয়ে জয় নিশ্চিত করেন বাজুমানা তোরে।

শনিবার মরক্কোর উপকূলীয় শহর আগাদিরে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশরের মুখোমুখি হবে আইভরিকোস্ট।