২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি

সেলেসাও ভক্তদের জন্য বড় সুখবর। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে চুক্তি বাড়ানোর এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বছর অর্থাৎ ২০২৫ সালে ব্রাজিলের ডাগআউটের দায়িত্ব সামলানোর চাবিকাঠি নিজের হাতে তুলে নেন ৬৬ বছর বয়সী এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

তাঁর অধীনেই আগামী ১১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স বৃহস্পতিবার সকালেই এক প্রতিবেদনে জানিয়েছিল, আনচেলত্তি ব্রাজিলের সাথে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর খুব কাছাকাছি রয়েছেন। এর কয়েক ঘণ্টার মাথায় সিবিএফ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।

দীর্ঘমেয়াদে আনচেলত্তির ওপর আস্থা রাখায় ফুটবলবিশ্বের ধারণা, হেক্সা মিশন বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বেশ পাকাপোক্তভাবেই সাজিয়ে ফেলেছে।