আজ্জুরি ফুটবলেপ্রেমীদের মন কাড়ছে ব্রাজিল ও স্পেন!

টানা তৃতীয়বারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহোৎসব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ২০০৬ সালে ট্রফি জয়ের পর দীর্ঘ ২০ বছর ধরে বিশ্বকাপের নকআউট পর্বে একটি ম্যাচও খেলার ভাগ্য হয়নি আজ্জুরিদের।

এবারের ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে কোয়ালিফাই করার প্লে-অফ ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার কাছে হেরে লজ্জাজনক বিদায় নিয়েছে তারা। তবে নিজেদের দেশ বিশ্বকাপে না থাকলেও, ফুটবল রোমাঞ্চ থেকে দূরে থাকতে পারছেন না ইতালির ফুটবল পাগল ভক্তরা।

Brazil 05
ঘরের দল না থাকায় এবার তারা ট্রফি জেতার জন্য সমর্থন দিচ্ছেন চিরবৈরী ইউরোপীয় প্রতিবেশী স্পেন এবং ঘরের ছেলে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে!

ভোট জরিপকারী সংস্থা ‘এসডব্লিউজি’-এর সাম্প্রতিক এক চাঞ্চল্যকর সমীক্ষায় দেখা গেছে, ৮০০ জন ইতালীয় নাগরিকের মধ্যে ৫৯ শতাংশ জানিয়েছে, নিজেদের দল না থাকলেও তারা নিয়মিত বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করবেন। আর এই ফুটবল দর্শকদের মধ্যে ১৭ শতাংশ বুক চিরে সমর্থন দিচ্ছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

এর মূল কারণ অবশ্য সেলেসাওদের ডাগআউটে থাকা ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি; যিনি খেলোয়াড় ও কোচ হিসেবে একাধিক চ্যাম্পিয়ন্স লিগ জেতা ইতালির এক জীবন্ত কিংবদন্তি। ব্রাজিলের ঠিক পেছনেই ১৬ শতাংশ আজ্জুরি ভক্তের মন কেড়ে নিয়েছে স্পেনের তিকি-তাকা ফুটবল। এছাড়া লিওনেল মেসির আর্জেন্টিনার পক্ষে রায় দিয়েছেন ১০ শতাংশ ইতালিয়ান, আর ফ্রান্স ও ইংল্যান্ড প্রত্যেকে পেয়েছে মাত্র ৫ শতাংশ করে সমর্থন।

Brazil 06
সাধারণ দর্শকদের মতো ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদিও এই বিশ্বকাপে নিজের পছন্দের দল বেছে নিয়েছেন। ইতালির সরকারি গণমাধ্যম ‘আরএআই’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান, বিশ্বকাপে তিনি কার্লো আনচেলত্তির ব্রাজিলকেই সমর্থন করবেন। তবে এর পাশাপাশি ইতালির দুই প্রাক্তনী ভিনসেঞ্জো মন্তেল্লার কোচিংয়ে থাকা তুরস্ক এবং ফাবিও কান্নাভারোর প্রশিক্ষণে থাকা পুঁচকে উজবেকিস্তান দলের প্রতিও তাঁর বিশেষ সহানুভূতি ও সমর্থন থাকবে।

বৃহস্পতিবার রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক মাঠে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ‘গ্রুপ এ’-এর ম্যাচ দিয়ে পর্দা উঠছে এই মেগা বিশ্বকাপের।

মাঠের লড়াইয়ে নিজেদের চেনা নীল জার্সি দেখা না গেলেও, ইতালির ফুটবলপ্রেমীরা এখন আনচেলত্তির মগজে ব্রাজিলের ষষ্ঠ হেক্সা মিশন নাকি স্প্যানিশ আর্মাডার সাম্বার জোয়ার, কোন দিকে বাজি ধরবেন, তা নিয়েই মেতে আছেন চায়ের কাপে ঝোড়ো আড্ডায়!