উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে সোমবার আটলান্টার মাঠ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। জি-গ্রুপে তাদের প্রতিপক্ষ এই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। উরুগুয়ে এবং সৌদি আরবের মতো জাঁদরেল প্রতিপক্ষ এই গ্রুপে থাকায়, প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জিতে গোল ব্যবধানে এগিয়ে থাকার ছক কষছে স্প্যানিশ আর্মাডারা।
এমনিতে দারুণ ফর্মে থেকে যুক্তরাষ্ট্রে পা রেখেছে স্পেন। টানা ১০টি ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি এর মধ্যে ৭টিতেই জয়ের শেষ হাসি হেসেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। সবশেষ প্রস্তুতি ম্যাচেও পেরুকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে তারা।
তবে অন্যদিকে নবাগত কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বাছাইপর্বে চমক দেখিয়ে ইতিহাস গড়া ‘ব্লু শার্কস’ খ্যাত দলটি সাম্প্রতিক প্রীতি ম্যাচে সার্বিয়া এবং বারমুডাকে ব্যাক-টু-ব্যাক ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে উড়ন্ত ফর্মে রয়েছে।
স্প্যানিশ শিবিরের জন্য সবচেয়ে বড় স্বস্তি, চোটের ধাক্কা কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন দুই প্রধান তারকা লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। তবে টুর্নামেন্ট দীর্ঘ হওয়ায় এবং গ্রুপ পর্বের পরবর্তী কঠিন ম্যাচগুলোর কথা মাথায় রেখে কোচ ফুয়েন্তে তাঁদের ওপর এখনই অতিরিক্ত ধকল দিতে চান না। ফলে সোমবার তাঁদের শুরুর একাদশে না রেখে স্রেফ বেঞ্চেই সুপার-সাব হিসেবে বসিয়ে রাখা হতে পারে।
পেশির টানজনিত সমস্যায় ভিক্তর মুনোজের খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। এই সুযোগে আক্রমণভাগে মিকেল ওয়ারজাবালের সাথে কাঁধ মিলিয়ে শুরু থেকেই তোপ দাগাতে পারেন ফেরান তোরেস ও অ্যালেক্স বানো। রাইট-ব্যাকে পেড্রো পোরোর খেলা প্রায় নিশ্চিত, আর মাঝমাঠের দখল ধরে রাখতে স্পেনের প্রধান ভরসা হিসেবে থাকছেন রদ্রি, পেদ্রি এবং রুইসের জাদুকরী ত্রয়ী।
অন্যদিকে, নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচে কোনো প্রকার চোটের চিন্তা ছাড়াই একদম ফুরফুরে ও পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে কেপ ভার্দে।
ফুটবলের দীর্ঘ ইতিহাসে এর আগে কখনোই একে অপরের মুখোমুখি হয়নি স্পেন ও কেপ ভার্দে। ২০১০ সালের বিশ্বজয়ী স্পেন শেষ তিনটি বিশ্বকাপের একটিতেও শেষ ষোলোর বৈতরণী পার হতে পারেনি; ফলে এবার সেই জুজু কাটানোর বড় চ্যালেঞ্জ স্প্যানিশদের সামনে।
অন্যদিকে, নিজেদের শেষ ৩ ম্যাচে কোনো গোল হজম না করে উল্টো ৯টি গোল দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে কেপ ভার্দে। দলটির হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ২২টি গোল করা কিংবদন্তি রায়ান মেন্দেসের দিকেই কাল তাকিয়ে থাকবে পুরো আফ্রিকা।
ফুটবল পণ্ডিতদের মতে, কেপ ভার্দে ইতিহাস গড়ে বিশ্বকাপে এলেও মাঠের মান ও শক্তির বিচারে স্পেনের ধারেকাছেও নেই তারা। স্প্যানিশ কোচ আক্রমণভাগে কিছুটা রদবদল করলেও টিকিটাকা ফুটবলের জাদুতে পুরো ম্যাচ নিজেদের পকেটে রাখবে ‘লা রোজা’রা। আটলান্টার মাঠে নবাগতদের অনায়াসে ৩-০ গোলে পিষে ফেলে স্পেন শুভসূচনা করবে বলেই ফুটবল বোদ্ধাদের অনুমান। খেলাটি সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে, যা সরাসরি উপভোগ করা যাবে বিটিভি ও টেন স্পোর্টসে।