ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত রেকর্ডগুলোর একটি এবার উত্তর আমেরিকার মাটিতে ভেঙে চূর্ণ হতে যাচ্ছে। বিশ্বমঞ্চে সর্বোচ্চ ১৬টি গোল করে দীর্ঘদিন ধরে এই রাজমুকুটের মালিক জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা।
তবে ২০২৬ সালের এই বর্ধিত ৪৮ দলের মেগা বিশ্বকাপে নিজের অমর রেকর্ড টিকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্লোসা নিজেই। তাঁর এই সিংহাসন কেড়ে নেয়ার জন্য চাবুক হাতে তাড়া করছেন বর্তমান ফুটবল বিশ্বের দুই মহাতারকা- আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি এবং ফরাসি গতিদানব কিলিয়ান এমবাপে।
তবে এই দুজনের মধ্যে ক্লোসা নিজে কাকে বেশি পছন্দ করছেন এবং কার হাতে রেকর্ডটি দেখতে চান, তা নিয়ে স্বয়১ জার্মানির ‘দ্য বিল্ড’ ও ‘জুডডয়চে সাইতুং’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জম্পেশ ও বিস্ফোরক মন্তব্য করেছেন এই জার্মান গোলমেশিন।

বিশ্বকাপের মঞ্চে ২৪টি ম্যাচ খেলে ১৬টি গোল করেছিলেন মিরোস্লাভ ক্লোসা। মজার বিষয় হলো, তাঁর প্রতিটি গোলই এসেছিল ডি-বক্সের ভেতর থেকে, যার মধ্যে ৭টি ছিল দুর্দান্ত সব হেডার। যদিও নিজের খেলা দুটি ফাইনাল (২০০২ ও ২০১৪)-এ তিনি কোনো গোল পাননি।
তবে নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁর পা থেকে এসেছে ৫টি গোল। বিশ্বকাপের মঞ্চে তাঁর শেষ গোলটি এসেছিল সেই ঐতিহাসিক ২০১৪ সালের সেমিফাইনালে, যেখানে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল জার্মানি। সেবার ব্রাজিলেরই ‘ফেনোমেনন’ রোনালদো নাজারিও’র ১৫ গোলের রেকর্ড ভেঙে শীর্ষে বসেছিলেন ক্লোসা।
ক্লোসার রেকর্ডের সবচেয়ে কাছে দাঁড়িয়ে আছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক মেসি। বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড ২৬টি ম্যাচ খেলে ইতিমধ্যেই ১৩টি গোল করে ফেলেছেন এলএমটেন। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসির সামনে এখন ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। গত ২০২২ কাতার বিশ্বকাপে একাই ৭টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ট্রফি জিতিয়েছিলেন তিনি।
নিজের রেকর্ড ভাঙার প্রসঙ্গে ক্লোসা বলেন, আমি নিশ্চিত এবারের বিশ্বকাপেই আমার রেকর্ড ভেঙে যাবে। যেহেতু এটি একটি বর্ধিত টুর্নামেন্ট, ম্যাচ বেশি, তাই গোল করার সুযোগও অনেক বেশি থাকবে। মেসি এবং এমবাপে, দুজনই টুর্নামেন্টে অনেক দূর যাবে। রেকর্ড তো একদিন না একদিন ভাঙার জন্যই তৈরি হয়, তাই এতে আমার কোনো আক্ষেপ নেই। তবে আমার ১৬ গোলের রেকর্ড যদি ভাঙতেই হয়, তবে আমি চাইব সেটা যেন লিওনেল মেসিই ভাঙুক। আমি সব সময়ই মেসির একজন অন্ধ ভক্ত; ও শুধুই একজন জিনিয়াস, এক ফুটবল জাদুকর।

ক্লোসা মেসিকে ভোট দিলেও পিছে হটার পাত্র নন কিলিয়ান এমবাপে। মাত্র দুটি বিশ্বকাপ খেলেই ইতিমধ্যেই ১২টি গোল পকেটে পুরেছেন এই ফরাসি ফরোয়ার্ড। গত ২০২২ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকসহ দুই বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ ১৪টি গোলে (গোল ও অ্যাসিস্টসহ) সরাসরি অবদান রাখার অবিশ্বাস্য রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে। বয়সের বিচারে মেসির চেয়ে অনেক এগিয়ে থাকায় ক্লোসার রেকর্ড ভাঙার দৌড়ে এমবাপ্পেই সবচেয়ে বড় ফেভারিট।
মেসি এবং এমবাপ্পের এই ঐতিহাসিক রেকর্ডের ইঁদুর-বিড়াল দৌড় দেখতে ফুটবল বিশ্ব এখন টানটান হয়ে অপেক্ষা করছে। আগামী ১৬ জুন ‘গ্রুপ জে’-তে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে হেক্সা মিশন শুরু করছে লিওনেল মেসির আর্জেন্টিনা, আর একই দিনে সেনেগালের মুখোমুখি হয়ে নিজেদের শক্তির জানান দেবে এমবাপ্পের ফ্রান্স। এখন দেখার বিষয়, ক্লোসার মনের ইচ্ছা পূরণ করে মেসিই হন বিশ্বমঞ্চের সর্বোচ্চ গোলদাতা, নাকি এমবাপ্পে সাম্বা গতিতে কেড়ে নেন সেই মুকুট!
