বিশ্বমঞ্চকে বিদায় বলার ক্ষণে দাঁড়িয়ে দুই মহাতারকা

বিশ্বকাপের শেষ বত্রিশের মঞ্চে শুক্রবার ভোর ৫টায় টরন্টোর মাঠে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে ফুটবলপ্রেমীদের কাছে এটি কেবল দুটি দলের নকআউট লড়াই নয়, বরং আধুনিক ফুটবলের দুই অবিসংবাদিত মহাতারকা, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুকা মদ্রিচের এক চরম আবেগের মহাদ্বৈরথ।

টরন্টোর এই সবুজ গালিচায় এক ঐতিহাসিক ও বেদনাবিধুর অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। সব ইঙ্গিত বলছে, হেরে যাওয়া দলটির সাথেই বিদায় ঘণ্টা বেজে যাবে এই দুই কিংবদন্তির একজনের; অবসান ঘটবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক আন্তর্জাতিক ক্যারিয়ারের।

Two Legend 03
এই মহারণ দুই সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থকে আবারও এক মঞ্চে এনে দাঁড় করিয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে দীর্ঘ ছয় মৌসুম একসাথে কাটিয়ে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য কীর্তি গড়েছিলেন তাঁরা। একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা আর নিখাদ বন্ধুত্ব তাঁদের চিরকালই অনন্য এক বন্ধনে বেঁধে রেখেছে।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নেশনস লিগের এক ম্যাচের পর রোনালদোর সেই বিখ্যাত উক্তি আবারও ফুটবল বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে, বুড়োরা এখনো খেলে যাচ্ছে। এটাই তো সুন্দর, এটাই ফুটবল। আবার ২০২৫ সালে মদ্রিচ যখন রিয়াল মাদ্রিদ ছাড়েন, সিআর সেভেন আবেগঘন বার্তায় লিখেছিলেন, ধন্যবাদ সব কিছুর জন্য লুকা, তোমার সাথে ক্লাব ক্যারিয়ার ভাগ করাটা ছিল পরম সম্মানের। বিপরীতে মদ্রিচও অকপটে স্বীকার করেছেন, রোনালদোই তাঁর ক্যারিয়ারে দেখা সেরা ও সবচেয়ে পরিশ্রমী ফুটবলার।

Two Legend 04
সেই পরম বন্ধুরাই একে অপরের স্বপ্ন গুঁড়িয়ে দিতে মুখোমুখি। ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো নিজের ষষ্ঠ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন।

তবে কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাঁর সাদামাটা পারফরম্যান্স নিয়ে সমালোচকরা যখন ধুয়ে দিচ্ছেন, তখন স্বরুপেই গর্জে উঠেছেন পর্তুগিজ অধিনায়ক। সমালোচকদের উদ্দেশ্যে তাঁর কড়া জবাব, “আমি ২৩ বছর ধরে পেশাদার ফুটবল খেলছি।

Two Legend 02
যখনই একটা ম্যাচ খারাপ যায়, তখনই শুরু হয়ে যায়, ক্রিস্টিয়ানো ফুরিয়ে গেছে, ও বুড়ো হয়ে গেছে! তবে কোচ রবার্তো মার্তিনেস তাঁর পাশে দাঁড়িয়ে সোজা জানিয়ে দিয়েছেন, রোনালদোর পুরো ৯০ মিনিট খেলার মতো শারীরিক ও মানসিক সক্ষমতা এখনও রয়েছে।

অন্যদিকে, ‘জাদারের জাদুকর’ ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ এখনও ক্রোয়াটদের মাঝমাঠের প্রধান মস্তিষ্ক। ঘানার বিপক্ষে আসরে নিজের দ্বিতীয় অ্যাসিস্ট করে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বয়স্ক অ্যাসিস্ট দাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

Two Legend 05
বিদায়ের তীব্র আলোড়ন ছুঁয়ে যাচ্ছে মদ্রিচকেও, শেষটা একদম কাছে চলে এসেছে। তাই চাপ সামলে প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। গত দুটি বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) আমাদের অসাধারণ সাফল্যের পর মানুষের প্রত্যাশা এখন আকাশচুম্বী, যা অনেক সময় বাস্তবসম্মত নয়।

গ্রুপ পর্বে পর্তুগাল ৫ পয়েন্ট নিয়ে কলম্বিয়ার পেছনে থেকে রানার্সআপ হয়ে নকআউটে এসেছে। অন্যদিকে ক্রোয়েশিয়া প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও পানামা ও ঘানাকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দাপটের সাথেই শেষ ৩২ নিশ্চিত করেছে। অতীতের পরিসংখ্যান অবশ্য পর্তুগালের পক্ষেই কথা বলছে।

ইউরো ২০১৬ আসরের শেষ ষোলোদে এই ক্রোয়েশিয়াকে অতিরিক্ত সময়ের গোলে বিদায় দিয়েই ইউরো জিতেছিল পর্তুগাল। তবে আজকের ম্যাচের রোমাঞ্চ কোনো কৌশল বা পরিসংখ্যানের ফ্রেমে বাঁধা যাবে না। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচে বিশ্বজয়ের সেই একমাত্র অধরা স্বপ্নটিকে বাঁচিয়ে রাখতে দুই বুড়ো হাড়ের ভেলকি দেখতে আজ চোখ রাখতেই হচ্ছে ফুটবল বিশ্বকে!