স্পেনের চেয়ে সেরা দল পৃথিবীতে আর নেই: ফুয়েন্তে

মঙ্গলবার ডালাস স্টেডিয়ামে ফ্রান্সকে ২-০ গোলে ধুলোয় মিশিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে টিকিট কাটার পর, স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে বুক চিতিয়ে ঘোষণা করেছেন, বর্তমানে তাঁদের এই ‘লা রোহা’ দলই বিশ্বের সেরা জাতীয় দল! ফরাসিদের বিদায় করে ফাইনালে ওঠার পর স্প্যানিশ ম্যানেজার তাঁর শিষ্যদের ভূয়সী প্রশংসা করে বলেন, বিগত প্রায় চার বছর ধরে তাঁরা যে ফুটবল দর্শন ও আদর্শ বুকে লালন করে আসছেন, তারই ফসল আজকের এই অবিস্মরণীয় সাফল্য। খেলোয়াড়দের শৃঙ্খলা, একতা এবং নিজেদের ওপর অটল বিশ্বাসই স্পেনকে আরেকটি বড় আসরের ফাইনালে পৌঁছে দিয়েছে।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মিকেল ওয়ারজাবাল ও পেদ্রো পোরোর বুদ্ধিদীপ্ত ও নিয়ন্ত্রিত দুটি গোলে ফ্রান্সের টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন গুঁড়িয়ে দেয় স্পেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে জানান, এই মহাকাব্যিক জয় জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর এবং তাঁর কোচিং স্টাফদের দীর্ঘমেয়াদী দূরদর্শী পরিকল্পনারই প্রতিফলন।

Spain head coach Luis de la Fuente 3
দে লা ফুয়েন্তে বলেন, আজ থেকে প্রায় চার বছর আগে আমরা একটি সুনির্দিষ্ট ফুটবল দর্শন নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। আমরা সবসময় সেই দর্শনের প্রতি বিশ্বস্ত ও সৎ ছিলাম এবং আজ সেটিই আমাদের এই গৌরবের মঞ্চে নিয়ে এসেছে।

২০২৪ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী এই স্প্যানিশ বস আরও মনে করেন, ফ্রান্সের মতো ফুটবল পরাশক্তিকে এভাবে হারিয়ে দেওয়া প্রমাণ করে, আন্তর্জাতিক ফুটবলে স্পেনই এখন অন্যদের জন্য শেষ কথা বা মানদণ্ড। ফরাসিদের ওপর নিজেদের আধিপত্য বোঝাতে গিয়ে তিনি বেশ দাপটের সাথেই যোগ করেন, আজ আমরা বিশ্বের অন্যতম সেরা একটি জাতীয় দলের মুখোমুখি হয়েছিলাম, কিন্তু ওদের দুর্ভাগ্য যে ওদের সামনে দাঁড়িয়ে ছিল বর্তমান বিশ্বের ‘এক নম্বর ও সেরা’ দলটি। এখানেই ছিল আসল ব্যবধান!

Spain head coach Luis de la Fuente 2
মঙ্গলবারের এই জয়ের মধ্য দিয়ে ফ্রান্সের বিরুদ্ধে নিজের সাফল্যের খতিয়ান আরও সমৃদ্ধ করলেন দে লা ফুয়েন্তে। তাঁর ক্ষুরধার নির্দেশনায় ফরাসিদের বিরুদ্ধে টানা তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচ জয়ের অনন্য রেকর্ড গড়ল স্পেন। একই সাথে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ও একমাত্র বিশ্বজয়ের দীর্ঘ ১৬ বছর পর, স্পেন আবারও বিশ্বমঞ্চের ফাইনালে নিজেদের জায়গা করে নিল; এখন তারা দ্বিতীয় সোনালী ট্রফিটি ছোঁয়া থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে।

দলের খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়ে স্প্যানিশ ডন বলেন, এই খেলোয়াড়রা প্রতিদিন মাঠ ও মাঠের বাইরে যেভাবে নিজেদের প্রতিশ্রুতি, সংহতি, উদারতা এবং প্রতিভা প্রদর্শন করেছে, তাতে তারা সব প্রশংসার যোগ্য। ওরা মাঠের সবচেয়ে কঠিন কাজগুলোকে স্রেফ তুড়ি মেরে সহজ বানিয়ে ফেলে।

ফ্রান্সের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়ে স্পেনের পুরো শিবির এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী রোববারের মেগা ফাইনালের জন্য। সেখানে বিশ্বজয়ের চূড়ান্ত মুকুট পরার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে বুধবারের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনালের জয়ী দল।