মেসির বিদায়ী মঞ্চে আবার সেই চেনা জার্মান শত্রু!

আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!

মঙ্গলবারের এই ঐতিহাসিক বিদায়ী ম্যাচে মেসির প্রতিপক্ষ আফ্রিকার দল বেনিন, আর সেই বেনিনের ডাগআউটে দাঁড়িয়ে আছেন এমন একজন মাস্টারমাইন্ড, যিনি আট বছর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে মেসি ও আর্জেন্টিনাকে প্রায় বুকভাঙা কান্না উপহার দিয়ে ফেলেছিলেন। তিনি আর কেউ নন, বেনিনের বর্তমান জার্মান কোচ জার্নোট রোর!

Benin Player 06
আট বছর আগের সেই স্মৃতি এখনও ফুটবলপ্রেমীদের মনে টাটকা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। নকআউট পর্বে ওঠার জন্য আর্জেন্টিনার জয় ব্যতিত অন্য কোনো পথ খোলা ছিল না। অন্যদিকে রোরের অধীনে থাকা তরুণ ও উদীয়মান নাইজেরিয়ার সামনে ছিল কেবল একটি ড্রয়ের সমীকরণ।

ম্যাচের আগে রোর মেসিকে নিয়ে বেশ কিছুটা ঠাট্টা-মস্করা করে বলেছিলেন, মেসিকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমরা এখানে ওকে দেখতে আসিনি, ফল বের করতে এসেছি। ফুটবলে কোনো দয়া বা করুণার জায়গা নেই। এমনকি মেসিকে আটকানোর একমাত্র উপায় হিসেবে একক কোনো ফুটবলারের ওপর ভরসা না করে 'সমষ্টিক প্রতিরোধ'-এর কথা বলেছিলেন তিনি।

Benin Player 05
সেই স্মরণীয় ম্যাচে এভার বানেগার পাস ধরে জাদুকরী নিয়ন্ত্রণে প্রথম গোলটি করেছিলেন মেসিই। তবে ভিক্টর মোজেসের পেনাল্টি গোলে সমতায় ফিরে নাইজেরিয়া আর্জেন্টিনাকে বিদায়ের দ্বারপ্রান্তে ঠেলে দেয়। শেষ মুহূর্তে মার্কোস রোহোর সেই অলৌকিক গোলে ২-১ ব্যবধানে জিতে বেঁচে যায় আর্জেন্টিনা।

সেই হারের ক্ষত স্মরণ করে পরে রোর আফসোস করে বলেছিলেন, আমরা মেসিকে ম্যান-মার্ক করিনি, সামষ্টিকভাবেই আটকেছিলাম। তবুও ও গোল করে যায়। শেষ মুহূর্তে কেবল কয়েক মিনিটের জন্য আমরা মনোযোগ হারিয়েছিলাম, আর মেসির মতো বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে সেই ভুলই আমাদের স্বপ্ন ভেঙে দিয়েছিল।

ৱ
২০১৮ সালের জুনে নাইজেরিয়ার কোচ হিসেবে সেই অফিশিয়াল ম্যাচটির পর আর কখনো মেসির মুখোমুখি হতে হয়নি এই অভিজ্ঞ জার্মান কোচকে। (অবশ্য ২০১৭ সালে এক প্রীতি ম্যাচে তাঁর নাইজেরিয়া ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল, কিন্তু সেটিতে মেসি খেলেননি)।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বেনিনের দায়িত্ব নেওয়া রোর এবার ভাগ্যের অদ্ভুত টানে আবার সেই মেসিরই ক্যারিয়ারের সবচেয়ে আবেগময় মুহূর্তের মুখোমুখি হতে যাচ্ছেন।

Benin Player 04
আট বছর পর দৃশ্যপট ও সময় অনেকটাই বদলে গেছে। এবার আর বিশ্বকাপ থেকে বাদ পড়ার ভয় নেই, নেই রাউন্ড অব সিক্সটিনে ওঠার জীবন-মরণ সমীকরণ। কিন্তু এবার যা বাজি রাখা আছে, তা আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে আরও অনেক বেশি দামী, জাতীয় দলের জার্সিতে মহাতারকা লিওনেল মেসির রূপকথাতুল্য শেষ উপস্থিতি!

জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে নামা মেসিকে থামাতে এবার বেনিনের মাস্টারমাইন্ড রোর আবার কী নতুন ছক আঁকেন, নাকি পুরোনো স্মৃতি স্মরণ করেই নীরব সাক্ষী হবেন মহাকাব্যিক এই মহাপ্রস্থানের—সেদিকেই এখন একবুক উন্মুখ প্রত্যাশা নিয়ে চেয়ে আছে গোটা ফুটবল বিশ্ব!

তথ্যসূত্র: ওলা