আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের আনুষ্ঠানিক ইতি টানতে চলেছেন বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিরুদ্ধে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার আগে, ৮ বারের ব্যালন ডি'অর বিজয়ী এই মহাতারকার জন্মশহর রোজারিও মেতে উঠেছে অশ্রুসজল ও স্মৃতিমেদুর এক রাজকীয় বিদায় সংবর্ধনায়। ঘরের ছেলেকে শেষবারের মতো শ্রদ্ধা ও ভালোবাসায় মুড়িয়ে দিতে শহরের ঐতিহাসিক 'মনুমেন্তো নাশিওনাল দে লা বান্দেরা'-র সামনে উঁচিয়ে ধরা হয়েছে এক বিশালাকার আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি।
দৈত্যাকৃতির এই ঐতিহ্যবাহী নীল-সাদা জার্সিতে শোভা পাচ্ছে মেসির আইকনিক '১০' নম্বর এবং সোনালী অক্ষরে খোদাই করা বার্তা- ‘ধন্যবাদ #১০’। কেবল এই বিশালাকার স্মৃতিস্তম্ভই নয়, চারপাশের চারটি সুবিশাল লাইটিং টাওয়ার থেকে আধুনিক অডিও-ভিজুয়াল প্রজেকশন বা ম্যাপিংয়ের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে দেশের হয়ে মেসির রূপকথাতুল্য কেরিয়ারের স্মরণীয় সব মুহূর্ত।

জন্মভূমির মানুষ তাঁদের প্রিয় অধিনায়কের উদ্দেশ্যে পাঠিয়েছেন এক হৃদয়স্পর্শী খোলা চিঠি, যা এখন পুরো আর্জেন্টিনার মানুষের মুখবুলি- ‘ধন্যবাদ অধিনায়ক। তুমি আমাদের সবকিছু দিয়েছ। তুমি আমাদের নতুন করে বিশ্বাস করতে শিখিয়েছ, অসম্ভবকে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছ এবং এমন কিছু অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছ যা সারা জীবন আমাদের স্মৃতিতে অম্লান থাকবে। তোমার পর আর্জেন্টিনার ফুটবল আর আগের মতো থাকবে না। তোমাকে বিদায় জানানোর জন্য আমরা সত্যিই প্রস্তুত নই, তবে তুমি যেখানেই যাও না কেন, আমরা চিরকাল তোমার অনুগামী হয়েই থাকব’।
৩৯ বছর বয়সী এই কিংবদন্তির শেষ ম্যাচটি ঘিরে পুরো আর্জেন্টিনা এখন যেন থমকে দাঁড়িয়েছে। বেনিনের বিরুদ্ধে এই ঐতিহাসিক বিদায়ী ম্যাচের টিকিট ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যেই নিঃশেষ হয়ে যায়, যা সাধারণ একটি প্রীতি ম্যাচকে এক বিশাল জাতীয় উৎসবে পরিণত করেছে।
২০০৫ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর দীর্ঘ দুই দশকে ২০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১০০টিরও বেশি গোল করেছেন মেসি। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে ধরা এবং টানা দুটি কোপা আমেরিকা জয় তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শ্রেষ্ঠতম গৌরবময় অধ্যায়। প্রিয় শহরের এই ভালোবাসা আর অশ্রুসজল সংবর্ধনা বুকে নিয়েই মঙ্গলবারের রাতে শেষবারের মতো দেশের জার্সিতে সবুজ গালিচায় রাজকীয় 'শেষ নাচ' নাচতে নামছেন ফুটবলের পরম ঈশ্বর লিওনেল মেসি!
তথ্যসূত্র: মারকা-ডেইলি স্পোর্টস
