ব্যালন ডি অর জয়ে এগিয়ে আছেন কোন তারকারা?

আসন্ন ২৫ অক্টোবর লন্ডনের জমকালো মঞ্চে ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি'অর বিজয়ী ফুটবলারের নাম। বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই ব্যক্তিগত ট্রফিটি কার হাতে উঠতে যাচ্ছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতুহল ও উত্তেজনা এখন তুঙ্গে। বিশ্বকাপের উত্তাপ, ক্লাব ফুটবলের ঝলক এবং তারকাদের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক 'দ্য ইন্ডিপেনডেন্ট' প্রকাশ করেছে তাদের সর্বশেষ ‘পাওয়ার র‍্যাংকিং’। আর্সেনালের বিরুদ্ধে হ্যারি কেনের আগুনে পারফরম্যান্সের পর বাজির দর ও আলোচনার কেন্দ্রে একদম শীর্ষে উঠে এসেছেন এই ইংলিশ স্ট্রাইকার।

Ballon 01
র‍্যাংকিংয়ের ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবারসি। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে তরুণ এই ডিফেন্ডার লা লিগায় বার্সাকে অবিশ্বাস্য জয় উপহার দিয়ে চলেছেন। তালিকার ৯ নম্বরে রয়েছেন বায়ার্ন মিউনিখের ফরাসি তারকা মাইকেল ওলিস, যিনি বায়ার্ন ও ফ্রান্স দলের হয়ে বিশ্বমানের উইঙ্গার হিসেবে নিজের জাত চিনিয়েছেন। ৮ নম্বরে রয়েছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। নরওয়েকে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তোলা এবং ক্লাবের হয়ে ধারাবাহিক গোল সত্ত্বেও সিটির আর্থিক অনিয়মের বিতর্কের প্রভাবে ভোটের লড়াইয়ে তিনি কিছুটা পিছিয়ে পড়েছেন।

Ballon 02
তালিকার ৭ নম্বরে রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড তারকা জুড বেলিংহাম। ইনজুরি কাটিয়ে থমাস টুশেলের অধীনে ইংল্যান্ডকে বিশ্বকাপে ব্রোঞ্জ পদক এনে দেওয়া এবং নতুন মৌসুমে জোসে মরিনহোর অধীনে দারুণ ফর্ম তাঁকে রেসে টিকিয়ে রেখেছে। ৬ নম্বরে স্থান পেয়েছেন পিএসজির উসমান দেম্বেলে, যিনি ক্লাবকে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতালও ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিততে না পারায় সিংহাসন ধরে রাখা কিছুটা কঠিন হয়ে পড়েছে। ৫ নম্বরে রয়েছেন ৩৯ বছর বয়সী ফুটবল ঈশ্বর লিওনেল মেসি! বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে তোলা এবং ইন্টার মিয়ামিকে ট্রফি জেতানো মেসি এখনও ব্যালন ডি'অরের প্রবল প্রতিদ্বন্দ্বী। ৪ নম্বরে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে ৪২ গোল করার পাশাপাশি বিশ্বকাপে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন।

Ballon 03
তীব্র লড়াইয়ের সেরা ৩ জনের তালিকার তিন নম্বরে আছেন গতবারের ব্যালন ডি'অর জয়ী রদ্রি। স্পেনকে বিশ্বকাপ জেতানোর কারিগর ও গোল্ডেন বল বিজয়ী এই স্প্যানিশ মিডফিল্ডার এবার বার্সেলোনায় যোগ দিয়ে দারুণ সূচনা করেছেন। ২ নম্বরে রয়েছেন স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামাল। বার্সেলোনাকে লা লিগা জেতানো ও মাত্র ১৯ বছর বয়সে স্পেনকে বিশ্বমুকুট পরানো এই তরুণ ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে গোল করে কেনকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন।

Ballon 04
তবে সব সমীকরণ ও তর্ক-বিতর্ক ছাপিয়ে র‍্যাংকিংয়ের একদম ১ নম্বরে রাজত্ব করছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ অধিনায়ক হ্যারি কেইন! শেষ মৌসুমে ৬১টি অবিশ্বাস্য গোল করে বায়ার্নকে জোড়া ট্রফি জেতানো এবং বিশ্বকাপে ৬ গোল করে ইংল্যান্ডকে ১৯৬৬ সালের পর সেরা সাফল্য এনে দেয়া কেইনই এখন বুকমেকারদের হট ফেভারিট। আর্সেনালের বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচে তাঁর চোখ ধাঁধানো ফর্ম  দেখার পর সতীর্থ ডেকলান রাইস তো প্রকাশ্যেই বলে দিয়েছেন, কেইনের হাতেই উঠছে এবারের স্বর্ণ।

লন্ডনে আয়োজিত ৭০তম বর্ষপূর্তির এই ঐতিহাসিক রাতে প্রথম ইংলিশ খেলোয়াড় স্যার স্ট্যানলি ম্যাথিউসের স্মৃতির শহরেই কি হ্যারি কেনের মাথায় উঠবে বিশ্বের সেরা ফুটবলারের মুকুট? নাকি ইয়ামাল-মেসিরা শেষ মুহূর্তে কোনো চমক দেবেন—তা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা!