প্রিয় ফুটবল ক্লাব কিংবা তারকা খেলোয়াড়ের প্রতি ভালোবাসা শুধু গ্যালারি বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। এবার তার বড় প্রভাব দেখা যাচ্ছে মানুষের ব্যক্তিগত ডিজিটাল নিরাপত্তাতেও। সাইবার নিরাপত্তা ও পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নর্ডপাসের ২০২৬ সালের বার্ষিক গবেষণা বলছে, বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড হিসেবে অহরহ ব্যবহার করছেন প্রিয় ফুটবল ক্লাব ও ফুটবলারদের নাম। আবেগতাড়িত এসব পাসওয়ার্ড ব্যবহারকারীদের সাইবার হামলার বড় ঝুঁকিতে ফেলছে বলে সতর্ক করেছেন গবেষকেরা।
১৭ নভেম্বর প্রকাশিত ‘টপ ২০০ মোস্ট কমন পাসওয়ার্ডস ২০২৬’ শীর্ষক অষ্টম বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নর্ডস্টেলারের ‘নর্ডলেয়ার ইন্টেলিজেন্স’ এবং স্বতন্ত্র সাইবার নিরাপত্তা গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণাটি পরিচালনা করে নর্ডপাস। এতে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪৪টি দেশের ফাঁস হওয়া ডেটাবেজ ও ডার্ক ওয়েবের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
পাসওয়ার্ডের তালিকায় শীর্ষ ক্লাব ও তারকারা
প্রতিবেদনে দেখা যায়, নিজ নিজ দেশের জনপ্রিয় পাসওয়ার্ডের শীর্ষ বিশ তালিকায় জায়গা করে নিয়েছে ইউরোপ ও লাতিন আমেরিকার একাধিক ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। ইউরোপের দেশ পর্তুগালে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের মধ্যে ১০ম স্থানে রয়েছে Benfica1904 এবং ১৮তম স্থানে রয়েছে Sporting নামের পাসওয়ার্ড।
ইতালিতে ফুটবল উন্মাদনা আরও স্পষ্ট। সেখানে ১৮তম স্থানে juventus, ১৯তম স্থানে Napoli1926 এবং ২০তম স্থানে জায়গা করে নিয়েছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নামযুক্ত Ronaldo1 পাসওয়ার্ড।
অন্যদিকে যুক্তরাজ্যের জনপ্রিয় পাসওয়ার্ডের তালিকায় উঠে এসেছে প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ক্লাব লিভারপুল ও চেলসির নামযুক্ত Liverpool1 ও Chelsea1 পাসওয়ার্ড। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেও একই চিত্র। দেশটির শীর্ষ ২০ পাসওয়ার্ডের মধ্যে ১৯তম স্থানে থাকা saopaulo ব্যবহৃত হয়েছে নয় হাজার ৩০০ বার এবং ২০তম স্থানে থাকা flamengo ব্যবহৃত হয়েছে ছয় হাজার ২৬৫ বার।
শুধু ক্লাবই নয়, ব্যক্তিগতভাবে ফুটবলারদের নামও পাসওয়ার্ড হিসেবে বেশ জনপ্রিয়। নর্ডপাসের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ফুটবলারদের মধ্যে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি , ইংলিশ কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এবং পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির নাম উল্লেখযোগ্য হারে পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে।
বৈশ্বিক তালিকায় পুরোনো আধিপত্য
ফুটবল ও পপ কালচারের প্রভাব বাড়লেও সহজ সংখ্যার পাসওয়ার্ড ব্যবহারের প্রবণতা থেকে এখনো বের হতে পারেননি ব্যবহারকারীরা। গত আট বছরের মধ্যে সাতবারই বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে 123456, যা ব্যবহৃত হয়েছে ৭২ লক্ষাধিক বার। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে admin , যা ৪৪ লক্ষাধিক বার ব্যবহৃত হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে 12345678 যা ২৯ লক্ষাধিক বার ব্যবহৃত হয়েছে । নর্ডপাসের ২০২৬ সালের বৈশ্বিক তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে 123456789 পাসওয়ার্ডটি। এ ছাড়া 1234 নতুন করে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে এবং বহু বছরের পুরোনো password নেমে গেছে সপ্তম স্থানে।
কেন এটি বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে?
পছন্দের দল, সংগীতশিল্পী বা পপ কালচার-নির্ভর পাসওয়ার্ড হ্যাকারদের কাজ সহজ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন নর্ডপাসের হেড অব প্রোডাক্ট কারোলিস আরবাশাউস্কাস। তিনি বলেন, ‘হ্যাকারদের আপনাকে ব্যক্তিগতভাবে চেনার প্রয়োজন নেই শুধু আপনার পছন্দগুলো জানলেই চলে। ছোটবেলার প্রিয় ব্যান্ড বা পছন্দের বিষয়ের সঙ্গে জন্মসাল জুড়ে দিলে সেটি যেমন আবেগময় হয়, তেমনি এক সেকেন্ডেরও কম সময়ে তা ভেঙে ফেলা সম্ভব।’
নিরাপদ থাকতে নর্ডপাসের পরামর্শ
সাইবার হামলা থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পাঁচটি পরামর্শ দিয়েছে নর্ডপাস:
শক্তিশালী ও দীর্ঘ পাসওয়ার্ড: অন্তত ১৫ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যেখানে বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের সমন্বয় থাকবে। চাইলে একাধিক শব্দের সমন্বয়ে দীর্ঘ ‘পাসফ্রেজ’ (Passphrase) ব্যবহার করা যেতে পারে।
প্রতিটি অ্যাকাউন্টে ভিন্ন পাসওয়ার্ড: একই পাসওয়ার্ড একাধিক সাইটে ব্যবহার করা যাবে না, যাতে একটি অ্যাকাউন্ট হ্যাক হলেও অন্যগুলো নিরাপদ থাকে।
নিয়মিত যাচাই ও পরিবর্তন: পুরোনো বা দুর্বল পাসওয়ার্ডগুলো নিয়মিত পরীক্ষা করে নতুন ও শক্তিশালী পাসওয়ার্ডে হালনাগাদ করতে হবে।
মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ): অতিরিক্ত নিরাপত্তাস্তর হিসেবে সব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে দুই স্তরের বা মাল্টি-ফ্যাক্টর যাচাইকরণ চালু রাখা জরুরি।
পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার: জটিল ও ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা এড়াতে নির্ভরযোগ্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা যেতে পারে।