অপর্যাপ্ত তথ্য সুরক্ষা ব্যবস্থার উদ্বেগের কারণে ফ্রান্সে সরকারি কর্মচারীদের ফোনে টিকটক, টুইটার, ইনস্টাগ্রামসহ অন্যান্য অ্যাপের "বিনোদনমূলক" ব্যবহার বা বিনোদন ফিচার নিষিদ্ধ করা হয়েছে। তবে নিষিদ্ধ অ্যাপের পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
মিনিস্ট্রি অব পাবলিক সেক্টররের ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য সিভিল সার্ভিস শুক্রবার এক টুইট বার্তায় নিষেধাজ্ঞার বিষয়টি জানায়। এতে বলা হয়, অবিলম্বে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর আল-জাজিরার।
ফরাসি মন্ত্রী স্ট্যানিসলাস গুয়েরিনি বলেন, প্রশাসন এবং বেসামরিক কর্মচারীদের সাইবার নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের ফোনে টিকটকের মতো বিনোদনমূলক অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এবং আন্তর্জাতিক অংশীদার চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ডাউনলোড এবং ইনস্টল বা ব্যবহার নিষিদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করেছে।
বিনোদনমূলক অ্যাপ্লিকেশনগুলোতে সাইবার সুরক্ষা এবং ডেটা বা তথ্য সুরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত না উল্লেখ করে তিনি বলেন, এ কারণে প্রশাসনের লোকদের জন্য এসব অ্যাপ ব্যবহার করা নিরাপদ না।
আরও পড়ুন: টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড মিসিসিপি, কেড়েছে ২৩ প্রাণ
এদিকে হোয়াইট হাউস, যুক্তরাজ্যের পার্লামেন্ট, ডাচ এবং বেলজিয়াম প্রশাসন, নিউজিল্যান্ডের পার্লামেন্ট, কানাডা, ভারত, পাকিস্তান, তাইওয়ান এবং জর্ডানসহ বিভিন্ন সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে টিকটক নিষিদ্ধ করেছে।
এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের সব তথ্য নিয়ে নিতে পারে চীনা সরকার, এমন শঙ্কার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এরইমধ্যে দেশটির অধিকাংশ রাজ্যে এই অ্যাপের বন্ধের বিষয়ে একমত হয়েছে প্রশাসন ও পার্লামেন্ট।
তবে টিকটকের দাবি, তাদের অ্যাপটি যথেষ্ট নিরাপদ এবং কারো তথ্য চুরি করে না।
একাত্তর/আরবিএস