রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিজয় দিবস উপলক্ষে বাসার ছাদে জাতীয় পতাকা টানানোর সময় বিদ্যুৎপৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কামরাঙ্গীরচরের নার্সারি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর মো. সুজন (১৪) দর্জির (সেলাই) কাজ করতেন। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মো. জালাল মিয়ার ছেলে। কামরাঙ্গীরচরের নার্সারি মোড়ের ৪ নাম্বার গলিতে ভাড়া বাসায় থাকতেন তারা।
নিহত কিশোরের মা অরুনা বেগম জানান, শুক্রবার রাতে কাজ শেষ করে বাসায় এসে বিজয় দিবস উপলক্ষে পতাকা লাগানোর জন্য বাড়ির দ্বিতীয় তলার ছাদে ওঠেন সুজন। সেখানে পতাকা লাগাতে গিয়ে বৈদ্যুতিক লাইনের সাথে স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে রাত পৌনে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের বাবা জালাল জানান, তিনি পুরানো কাপড় কিনে নিয়ে আসলে, সেগুলোর ছোট-বড় ত্রুটি প্রয়োজন অনুযায়ী কাটা ও সেলাইয়ের কাজ করতো ছেলে সুজন। তিন ভাইয়ের মধ্যে সুজন ছোট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কিশোরের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।