গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ পাঁচ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি বহুতল ভবনের নিচ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। 

সোমবার কেরানীগঞ্জের কাইটাইল এলাকায় সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন–  উমা চক্রবর্তী (৭৫), তার মেয়ে বীনা রানী (৫০), দেবা চক্রবর্তী (৩৫), নাতি পিনাট চক্রবর্তী (১৪) ও লিপি চক্রবর্তী (২৬)।  

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, আমাদের এখানে সকাল সাড়ে ১০টায় চারজন এসেছেন, তাদের মধ্যে দু'জন নারী ও দু'জন পুরুষ। দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক। সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, তাদের বীনার ৮৫ শতাংশ, উমার ৯৫ শতাংশ, পিনাটের ২৪ শতাংশ ও দেবার শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। 

অপর দিকে লিপি চক্রবর্তী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

উমা চক্রবর্তীর ছেলে সঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন, সকালে রান্না ঘরে চুলা জ্বালানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘরে থাকা সবাই দগ্ধ হয়েছেন। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।