সাবেক ইউপি সদস্য ও তার ভাইয়ের বাড়িতে ডাকাতি

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের সাবেক ইউপি সদস্য ও তার বড় ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আতাউর রহমান ও তার বড় ভাই মো. সোহরাব হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

মো. সোহরাব হোসেন ও এলাকাবাসী জানান, রাত আড়াইটার দিকে কমপক্ষে ২০ জনের একদল ডাকাত তার বাড়ির গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির লোকদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করে। 

ডাকাতেরা আনুমানিক ত্রিশ মিনিট সময় অবস্থান করে লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, পাশেই তার ভাই আতাউর রহমানের বাড়িতে তালা লাগানো ছিল। ডাকাতেরা প্রথমে তালা কেটে ওই বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে। 

আরও পড়ুন: বিয়ের পাঁচমাসের মাথায় যৌতুকের বলি মীম

সোহরাব হোসেনের বাড়ি থেকে লুটপাট শেষ করে চলে যাওয়ার পর তার ভাইয়ের বাড়িতে ডাকাতির বিষয়টি নিশ্চিত হন তিনি। 

দুই বাড়ি থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও চারটি অ্যান্ড্রয়েড মুঠোফোন লুট হয়েছে বলেও জানান তিনি। 

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ দিতে বলা হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়ায় তৎপর রয়েছেন।


একাত্তর/এসজে