দিনাজপুরের পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দেয়াল ধসে এক কিশোরীর মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত তিনজন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হরিরামপুর ইউনিয়নের মুন্সিপাড়ায় গ্রামে এ ঘটনা ঘটে।
রাতে কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের দেয়াল ধসে যায় এবং দেয়াল চাপায় কুলসুম (১২) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত কুলসুম মুন্সিপাড়া গ্রামের শওকত আলীর মেয়ে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন: ভারতে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ নিহত ১১
মুন্সিপাড়ার পাশের গ্রাম শুকুর ডাঙ্গায় গোয়াল ঘরের দেয়াল চাপায় দুটি গরু ও একটি ছাগল মারা গেছে। পাশাপাশি অসংখ্য বাড়ি বিধ্বস্ত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।
বুধবার সকালে মৃতের বাড়িসহ ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
একই সময় পার্শবর্তী নবাবগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে কাচা ও অর্ধপাকা দুই শতাধিক বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
একাত্তর/আরবিএস