ভারতের তামিল নাডু রাজ্যে একটি মন্দিরে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।
পুলিশের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে তামিল নাডু রাজ্যের থাঞ্জাবুর জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কালিমেদুর আপ্পার মন্দিরের রথযাত্রার মিছিলটি যখন একটি বাঁক নেয় তখন ওপরে থাকা উচ্চ বিভবের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে রথটি, এর ফলেই বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিরুচিরাপাল্লির সেন্ট্রাল জোন পুলিশের মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান জানিয়েছেন, ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণত মন্দিরের গাড়ির রুটে পাওয়ার লাইন বন্ধ থাকে। এ নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: দৌলতদিয়ায় পারের অপেক্ষায় কয়েকশ’ যান
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন, তিনি "গভীরভাবে বেদনার্ত"। এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি।
বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসার পর রথটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, ঘটনার একটি ভিডিওতে এমনটি দেখা গেছে।
একাত্তর/আরবিএস
