নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরু চুরির সময় লিমা আক্তার নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানের চালক রাসেল শেখ এবং তার সহকারী সাদ্দাম হোসেনও আটক করেন তারা।
বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার পূর্বাচল নতুন শহরের হারারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খামারী শাওন জানান, গরুচোর লিমা তাদের বাড়িতে ঢুকে বাথরুম ব্যবহারের অনুমতি চান। পরে লিমা সুযোগ বুঝে বাইরের গেট আটকিয়ে খামারের একটি গরু চুরি করে পিকআপ ভ্যানে উঠিয়ে পালানোর চেষ্টা করেন।
আরও পড়ুন: পদ্মা সেতু নিয়ে গুজব সৃষ্টির অভিযোগে যুবক আটক
এসময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা টের পেয়ে তাদের ধাওয়া করে আটকের পর গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
রূপগঞ্জ থানার উপ-সহকারী পরিদর্শক আব্দুল করিম জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিরা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।