কাঁচপুরে বাসের ধাক্কায় দাদি-নাতনির মৃত্যু

নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসের ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর ধাক্কা দেয়া বাসটিকে আটক করা হলেও পালিয়ে গেছেন চালক। 

এ দুর্ঘটনায় নিহতরা হলেন- শামসুন্নাহার (৫৯) ও আরফি আক্তার (৮)। তারা নারায়ণগঞ্জ বন্দর থানার সোনাকান্দা এলাকার বাসিন্দা ছিলেন। 

শুক্রবার (১৭ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১টায় শামসুন্নাহারকে মৃত ঘোষণা করেন। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শিশু আরফিরও মৃত্যু হয়। 

নিহত আরফির দাদা নুর মোহাম্মদ জানিয়েছেন, তিনি নরসিংদীর বাসিন্দা। আরফি ও তার দাদি শামসুন্নাহার বাড়িতে যাচ্ছিলেন। এসময় কাঁচপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় তারা দু'জন আহত হন। 

আরও পড়ুন: ডেমরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

পরে তাদের হাসপাতালে নেয়া হলে একে একে দু'জনেরই মৃত্যু হয় বলে জানান নুর মোহাম্মদ। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে চিকিৎসাধীন ঢাকা মেডিক্যালে দাদি-নাতনির মৃত্যু হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।


একাত্তর/এসজে