ময়মনসিংহের ভালুকায় স্বামীর বাড়ি থেকে এক কিশোরী গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভালুকা মডেল থানা পুলিশ শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালীয়া গ্রাম থেকে ওই মরদেহটি উদ্ধার করে। নিহত ইসরাত জাহান মুনা (১৭) ওই গ্রামের স্বাধীন শিকদারের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, আখালীয়া গ্রামের হেলাল উদ্দিন শিকদারের ছেলে স্বাধীন শিকদার প্রায় তিন বছর আগে একই গ্রামের মো. রনি মিয়ার কিশোরী মেয়ে ইসরাত জাহান মুনাকে জোর করে বিয়ে করেন।
বিয়ের পর থেকেই স্বামীর পরকীয়া সম্পর্ক থাকার সন্দেহে ওই দম্পতির মাঝে প্রায়ই ঝগড়া হতো বলে পরিবারের অভিযোগ।
প্রতিবেশীরা জানান, বিকেলে বাড়িতে গিয়ে মুনাকে দেখতে না পেয়ে স্বাধীন শিকদারকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, মুনা মারা গেছে। এরপর সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে মুনার লাশ উদ্ধার করে। ঘটনার পর মুনার শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দেয়।
নিহত মুনার বাবা মো. রনি মিয়ার অভিযোগ, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: অসাবধানতায় ওড়নায় ফাঁস লেগে টিকটকার কিশোরীর মৃত্যু
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে মুনার মুত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা।
একাত্তর/এসজে