ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় ফ্রি ফায়ার গেইম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সিজান আকন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। ছুরিকাঘাতে আহত হয়েছেন সিজানের আরও দুই বন্ধু। 

মঙ্গলবার (২ আগস্ট) রাত ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোনংসিং মাদবর বাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত স্কুলছাত্র সিজান নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোংসিং গ্রামের বিল্লাল আকনের ছেলে। সে নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

আর আহত মুন্না ছৈয়াল (১৯) একই গ্রামের আবুল ছৈয়াল ছেলে ও মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আর আসিফ ব্যাপারী (১৮) ওই গ্রামের আবদুর রব ব্যাপারীর ছেলে এবং নড়িয়া উপসী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ, নিহতর পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, নড়িয়া পৌরসভার পশ্চিম লোনসিং মাদবর বাজারে বন্ধুদের নিয়ে ফ্রি ফায়ার গেইম খেলছিলেন সিজান আকন। এ সময় স্থানীয় লাবিব ছৈয়াল (২৫) তার বন্ধু ইব্রাহিম জয় (২২), রাহিম হাওলাদার (২৪), নাহিম ছৈয়ালও (২২) গেইম খেলছিলেন। তখন খেলা নিয়ে সিজান ও লাবিবের সঙ্গে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাবিব সিজানকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। 

আরও পড়ুন: পেলোসি’র তাইওয়ান সফরের নিন্দা জানিয়েছে যেসব দেশ

পরে আহত সিজানকে উদ্ধার করতে এলে সিজানের বন্ধু মুন্না ছৈয়াল ও আসিফ ব্যাপারীও আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯ টার দিকে সিজানের মৃত্যু হয়। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানা পুলিশ জানায়, রাতেই ইব্রাহিম জয় ও রহিম হাওলাদারকে আটক করা হয়েছে।


একাত্তর/আরবিএস