নারায়ণগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে ভবন তৈরির দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে বন্দর থানার মদনপুর চান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল হানিফ (২০) ও মো. হৃদয় (১৮)। তারা দুজনই নেত্রকোনার পূর্বধলা উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। হানিফের বাবার নাম বাচ্চু মিয়া ও হৃদয়ের বাবার নাম শেখ সাদী। তারা বর্তমানে মদনপুরে থাকতেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা মাসুদ মিয়া নামে এক ব্যক্তি জানান, সন্ধ্যায় মদনপুর চান মার্কেট এলাকায় ভবন তৈরির জন্য পাইলিংয়ের কাজ চলছিল।
সেখানে ওয়েল্ডিং কাজের জন্য বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে হানিফ বিদ্যুতস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে হৃদয় বিদ্যুতস্পৃষ্ট হয়ে অচেতন হয়।
সেখান থেকে দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া আটটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সুদের কিস্তি না পেয়ে দোকানীর মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
একাত্তর/এসি