বালু শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে মো. বাদল শেখ (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িয়ে সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. বাদল শেখ বরিশালের বানারীপাড়ার বিশার কান্দি এলাকার মৃত বারেক শেখের ছেলে। তিনি ড্রেজার ব্যবসায়ী আফজাল হোসেনের বালুর বুস্টার মেশিনের মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

আটককৃতের নাম ওবাদুল ইসলাম। তিনি আলগীর চর গ্রামের বাসিন্দা।

নিহতের ভাই রবিউল জানান, বাদল শেখের সঙ্গে শনিবার রাত ৯টায় শেষ কথা হয়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায় নি। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তার দাবি, নোয়াগাঁও ইউনিয়নের নাসিরউদ্দিন ও বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকার দেলোয়ার হোসেন দিলুর আর্থিক লেনদেন নিয়ে কয়েকদিন আগে কথা কাটাকাটি হয়। এসময় তারা ভুক্তভোগীকে হত্যার হুমকি দিয়েছিলো। এ হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত থাকতে পারে।

বালু ব্যবসায়ী আফজাল হোসেন জানান, নিহত বাদল শেখ তার বুস্টার মেশিনে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। গত তিনদিন ধরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মোবাইল বন্ধ থাকায় ভেবেছিলাম সে বাড়ি চলে গেছে। বর্তমানে লাইন বন্ধ আছে। সকালে বুস্টার ঘরের সামনে লাশ পাওয়া যায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়র গ্রেপ্তার

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সকালে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।


একাত্তর/আরএ