প্রেমের ফাঁদে ফেলে চাঁদাবাজি, হোটেল মালিক ও ছেলেসহ আটক তিন

প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মেহেরপুর শহরের একটি অভিজাত আবাসিক হোটেলের মালিক, ছেলে ও এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে ঐ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।   

আটক ব্যক্তিরা হলেন- হোটেল আটলান্টিকা মালিক শহরের শিশুবাগান পাড়ার মতিয়ার রহমান (৫২), ছেলে মামুন (৩০) ও সদর উপজেলার হিজুলী গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী ছন্দা খাতুন (৩০)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামর জানান, শহরের অভিজাত শ্রেণির আবাসিক হোটেল আটলান্টিকা। আটলান্টিকার মালিক মতিয়ার রহমান ও তার ছেলে মামুনের নেতৃত্বে এখানে একটি প্রতারক চক্র গড়ে ওঠে। 

ওসি জানান, তারা প্রথমে সুন্দরী নারীদের ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ী সরকারি কর্মকর্তা বা অভিজাত শ্রেণির মানুষকে প্রেমের ফাঁদে ফেলে। পরে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে তাদেরকে ব্লাকমেইল করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এই চক্রে বিভিন্ন এলাকার প্রায় ডজনখানেক নারী জড়িত বলে তারা পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়। 

সম্প্রতি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মনোয়ার হোসেন নামের এক এনজিও কর্মীর সদর থানায় নারী চক্রের প্রধান হোতো প্রিয়া খানকে আসামি করে একটি মামলা করেন। মামলা দেওয়ার পর পুলিশ নড়েচড়ে বসে। শুরু হয় গোপন তথ্য সংগ্রহের কাজ।

গত ২২ নভেম্বর ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার মূল হোতা নাজনীন খান প্রিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। প্রিয়া খানকে গ্রেপ্তারের পর তাকে দুই দিনের রিমান্ড নিলে বেরিয়ে আসে এই চক্রের নানা তথ্য।

আরও পড়ুন: নিখোঁজের ৮৪ দিন পর তরুণের হাড়গোড় উদ্ধার, বেল্ট দেখে সনাক্ত

পুলিশের একটি সূত্র জানিয়েছে, নাজনীন খান প্রিয়ার দলে ৯ জন নারী এই প্রতারণার কাজে যুক্ত আছেন। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, এ চক্রের বাকিদের আটকের চেষ্টা চলছে।


একাত্তর/এসজে