বাইক থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় স্ত্রী নিহত, আহত স্বামী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার মোটরসাইকেল চালক স্বামী। 

সোমবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় ঘটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত গৃহবধূ ইয়াসমিন বেগম (৫৫) ব্রাহ্মণবাড়িয়ার তাইজুল ইসলামের স্ত্রী। 

আহত তাইজুল ইসলাম জানান, তাদের বাড়ী ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি স্ত্রীকে নিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকায় থাকেন। সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে ধানমন্ডির উদ্দেশ্যে রওয়ানা হন তারা।

বেলা সাড়ে ১০টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এসময় ইয়াসমিন বেগম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে আরেকটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর আহত হন তাইজুল ইসলাম। 

আরও পড়ুন: স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার পর পুলিশে ফোন

ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মজিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/এসজে