নারায়ণগঞ্জ শহরে এক বৃদ্ধার হাত ও পায়ের রগ কেটে হত্যার পর ঘর থেকে স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যায় পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় নিজ বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নিহত নূরজাহান ওই এলাকার স্থানীয় রমজান মোল্লার স্ত্রী।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, নূরজাহানের স্বামী ও ছেলে কাজের জন্য বাইরে ছিলেন। রান্নাঘর থেকে পোড়া গন্ধ পেয়ে প্রতিবেশীরা এসে দেখেন রান্নাঘরে কেউ নেই।
পরে দরজা খুলে ঘরে ঢুকে মেঝেতে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। স্থানীয়রা পুলিশ ও স্বজনদের খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
স্বজনরা জানান, নূরজাহানকে হত্যার পর ঘর থেকে স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত বখাটে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একাত্তর/এসজে